বাবার পথ ধরে ৩৫ বছর পর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হলেন মেয়ে পুতুল

২ সপ্তাহ আগে
৩৫ বছর আগে বাবা ফজলুর রহমান পটল ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর এবার বাবার পথ ধরে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি।

১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন পুতুলের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল। বাবার মতো প্রথমবারের মতো মেয়ে পুতুলও দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।

 

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী। নাটোর-১ আসন থেকে তিনি বিএনপি থেকে এবারই প্রথম মনোনয়ন পান। সরাসরি ভোটে রাজশাহী বিভাগের একমাত্র নারী এমপি নির্বাচিত হন ফারজানা শারমিন পুতুল।

 

আরও পড়ুন: নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন বিএনপির প্রার্থী পুতুল

 

পুতুলের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। ফজলুর রহমান পটল ১৯৯১ সালের বিএনপি সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ২০০১ সালের চারদলীয় জোট সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। ফজলুর রহমান পটলের উন্নয়নের কারণে এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।

 

এদিকে নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকায় চলছে আনন্দের বন্যা।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর লালপুর ও বাগাতিপাড়া উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে আসেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি আনন্দ মিছিল করেন তারা। বাবার মতো এলাকার উন্নয়নে তিনি অবদান রাখবেন—এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা।

]]>
সম্পূর্ণ পড়ুন