বাবরের ঝড়ে রান পাহাড়, কোয়েট্টাকে গুঁড়িয়ে জালমির দাপুটে জয়

১৩ ঘন্টা আগে
পিএসএলের ২৯তম ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে উড়িয়ে দিয়েছে পেশোয়ার জালমি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় ব্যবধানে জয় তুলে নেয় জালমি।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েট্টা। তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি পেশোয়ার। ওপেনিংয়ে নেমে বাবর আজম ৫২ বলে ঠিক ১০০ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল নিখুঁত টাইমিং আর আগ্রাসী শটের মিশেল। তার সঙ্গে ছোট কিন্তু কার্যকর অবদান রাখেন ফারহান ইউসুফ (১৯) ও অ্যারন হার্ডি (২৬)। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পেশোয়ার।


কোয়েট্টার বোলারদের মধ্যে আলজারি জোসেফ, আবরার আহমেদ ও উসমান তারিক একটি করে উইকেট নিলেও রান আটকাতে পারেননি কেউই।


আরও পড়ুন: আইপিএল প্রতিষ্ঠাতার ভবিষ্যদ্বাণী–৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে দ্য হান্ড্রেড 


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কোয়েট্টা। ওপেনার শামিল হুসাইন ২১ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। অধিনায়ক সাউদ শাকিল করেন ১২ রান। মাঝের দিকে দীনেশ চান্দিমাল (১৯) ও বেভন জ্যাকবস (৩৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। শেষদিকে আলজারি জোসেফ অপরাজিত ১৯ রান করলেও দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি।


অবশেষে ১৩৭ রানেই থেমে যায় কোয়েট্টার ইনিংস, ফলে ১১৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় পেশোয়ার।


বল হাতে জালমির হয়ে মোহাম্মদ বাসিত ও আলী রাজা তিনটি করে উইকেট নেন। এছাড়া অ্যারন হার্ডি দুটি এবং মাইকেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকীম একটি করে উইকেট তুলে নিয়ে জয়ের পথ সহজ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন