বর্ণবাদ ইস্যুতে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়ালের জয়

২ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে ভিনিসিউস জুনিয়রের গোলে বেনফিকাকে হারালো রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় বর্ণবাদ-সংক্রান্ত অভিযোগ, যার জেরে দ্বিতীয়ার্ধে ১১ মিনিট খেলা বন্ধ ছিল।

পর্তুগালের লিসবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।

 

এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। মাঝমাঠে দখলদারিত্বের লড়াই চললেও বড় সুযোগ তৈরি হয়নি। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিউস। ৫০তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে বল পান কিলিয়ান এমবাপ্পে। ডান দিক দিয়ে উঠে আসা এমবাপ্পে বাম পাশে ফাঁকা জায়গায় থাকা ভিনিসিউসকে পাস দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে কেটে এসে ডান পায়ের বাঁকানো শটে দূরের কোণে বল জড়ান তিনি। বেনফিকা গোলরক্ষকের নাগালের বাইরে থাকা নিখুঁত শটে এগিয়ে যায় রিয়াল।

 

গোল উদ্‌যাপনের সময় বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভিনিসিউস। অভিযোগ ওঠে, এ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উদ্দেশে বর্ণবাদী আচরণ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন।

 

আরও পড়ুন: প্লে-অফের প্রথম লেগেই তুর্কি ক্লাবের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

 

রিয়ালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে যাওয়ার হুমকি দিলে খেলা প্রায় ১১ মিনিট বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ পুনরায় শুরু হয়। এ বিষয়ে ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে। ভিনিসিউস এর আগেও বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যা ইউরোপীয় ফুটবলে বৈষম্যবিরোধী লড়াইকে নতুন করে সামনে এনেছে।

 

এদিকে গোল হজমের পর আক্রমণাত্মক হয়ে ওঠে বেনফিকা। তবে পুরো ম্যাচে তারা গোলমুখে শট নিতে পেরেছে মাত্র তিনটি। রিয়ালের সংগঠিত ও দৃঢ় রক্ষণ ভেঙে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।

 

৮৫তম মিনিটে বেনফিকার কোচ জোসে মরিনহো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

 

আরও পড়ুন: জোড়ে গোলে পিছিয়ে থেকেও জয়, তবুও দুশ্চিন্তায় পিএসজি

 

এই জয়ে প্লে-অফের প্রথম লেগে সুবিধাজনক অবস্থানে থাকলো রিয়াল। আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে বেনফিকাকে রুখতে পারলে তারা নিশ্চিত করলে শেষ ষোলো।

 

]]>
সম্পূর্ণ পড়ুন