তবে এবার আর কোনো ভুল করেনি মতিঝিলপাড়ার দলটি। সব শঙ্কা দূরে সরিয়ে ফেডারেশন কাপে দাপুটে জয় তুলে নেয় তারা। এই জয়ে ফেডারেশন কাপের প্লে-অফ নিশ্চিত করলো ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) কুমিল্লার ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরুতেই জুয়েল মিয়া দলকে এগিয়ে নেন, এরপর দারুণ পারফরম্যান্সে হ্যাটট্রিক করে ব্যবধান বাড়ান সৌরভ দেওয়ান।
‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে পয়েন্ট টেবিল ছিল বেশ জমজমাট। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি, আর ৫ পয়েন্ট করে নিয়ে কাছাকাছি অবস্থানে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসি। ফলে প্লে-অফে ওঠার সমীকরণ ছিল সবার জন্যই খোলা।
শেষ পর্যন্ত সমান ৮ পয়েন্ট নিয়ে লড়াই শেষ করে দুই দল। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয় বসুন্ধরা কিংস, আর রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন: ব্রাজিলের বিশ্বকাপ জেতার এটিই সঠিক সময় : কাফু
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহামেডান, তবে প্রতিপক্ষের রক্ষণে চির ধরাতে পারেনি তারা। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে এলি কেকের নেওয়া একটি ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে তিন মিনিট পরই রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগায় সাদা-কালোরা। মাঝমাঠে নিজেদের মধ্যে দারুণ পাস আদান-প্রদানের পর কেকের ক্রস থেকে দ্রুত বল নিয়ন্ত্রণে এনে ডান পায়ের কোণাকুণি শটে জালে বল জড়ান জুয়েল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করে মোহামেডান। ৬৮ মিনিটে সতীর্থের লং পাস ধরে সৌরভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এর ঠিক চার মিনিট পর পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পায় আরামবাগ ক্রীড়া সংঘ। তবে সতীর্থের নেওয়া ফ্রি-কিক থেকে গোলমুখে ভালো অবস্থানে থেকেও আরিফুল হেড করতে ব্যর্থ হলে সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যায়।
৭৫ মিনিটে ব্যবধান বাড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাজী রাহাত আড়াআড়ি ক্রস দিতে গিয়ে বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বক্সের ভেতর হঠাৎই সুযোগ পেয়ে যান সৌরভ, আর দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।
এর কিছুক্ষণ পর আবারও আঘাত হানে মোহামেডান। বক্সের ভেতর থেকে নিচু জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সৌরভ। ম্যাচের শেষ দিকে সতীর্থের নিখুঁত থ্রু পাসে অফসাইড ট্র্যাপ ভেঙে বেরিয়ে আসেন সৌরভ। এরপর বাম পায়ের কোণাকুণি শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্বে দ্বিতীয় জয় নিশ্চিত হয় মোহামেডানের, আর সেই সঙ্গে নিশ্চিত হয় প্লে-অফের টিকেটও।
আরও পড়ুন: আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় দাপুটে এক জয়ে ম্যাচ শেষ করেছে বসুন্ধরা কিংস। পুলিশ এফসিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কিংস, একাই চার গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন।
ম্যাচের শুরুতে অবশ্য সুযোগ পেয়েছিল পুলিশ এফসি। ৩৫তম মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। কিন্তু সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি পাওলো এনরিক— তার শট লাগে ক্রসবারে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাল্টা আঘাত হানে বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় কিংস। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কিংস। ৫২তম মিনিটে রাকিব হোসেনের পাস ধরে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন।
৮২তম মিনিটে আবারও জ্বলে ওঠেন তিনি। রাকিবের ক্রসে দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে নিজের চার গোল পূর্ণ করেন দোরিয়েলতন।
যোগ করা সময়ে এম এস বাবলু পুলিশের হয়ে একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফলাফলে আর কোনো প্রভাব ফেলতে পারেনি।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·