প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

১ সপ্তাহে আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অসুস্থ ওই তরুণীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে জড়িত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। 

 

গ্রেফতাররা হলেন: লিটন মোল্যা, সবুজ মোল্যা ও আলী শরীফ। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর (২৩) সঙ্গে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার লিটন মোল্যার (৩৩) প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্যা ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে এক জায়গায় নিয়ে যান। সেখান থেকে তাকে বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নেয়া হয়।

 

সবুজের বাড়িতে ওই তরুণীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন লিটন ও সবুজ। এতে তিনি রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে লিটন, সবুজ এবং তাদের আরেক সহযোগী আলী শরীফ সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

 

পুলিশ জানায়, ওই দিন রাত আনুমানিক ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালান অভিযুক্তরা। পরে তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তারা। বৃহস্পতিবার সকালে শারীরিকভাবে কিছুটা সুস্থবোধ করলে ওই তরুণী থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত লিটন, সবুজ ও আলী শরীফকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘মামলা দায়েরের পর সকাল থেকেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন