পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

১ সপ্তাহে আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তাই ধারণা করা হচ্ছিল, ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার সুযোগ পাবেন এ দুই পেসার।

তবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে লাহোর কালান্দার্সের জার্সিতে মোস্তাফিজ আর পেশোয়ার জালমির জার্সিতে নাহিদকে এ মৌসুমে তাদের আর দেখা যাবে না।

 

বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। সেখানে মেডিকেল টিম তার চোটের অবস্থা আরও ভালোভাবে বোঝার জন্য তাৎক্ষণিক স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয়।

 

বিবৃতিতে বলা হয়, স্ক্যানের ফলাফলের পর মোস্তাফিজকে একটি পুনর্বাসন (রিহ্যাব) কর্মসূচিতে পাঠানো হবে, যা বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আপাতত তার মাঠে ফেরা নির্ভর করছে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ওপর।

 

আরও পড়ুন: ২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

 

এই পরিস্থিতিতে পিএসএলে অংশগ্রহণের জন্য পূর্বে দেওয়া মোস্তাফিজের অনাপত্তিপত্র (এনওসি) প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। ফলে তিনি পিএসএল ২০২৬-এর বাকি অংশে আর অংশ নিতে পারবেন না।

 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের স্বার্থ এবং খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি ফিটনেস বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিরিজ ও আন্তর্জাতিক সূচির আগে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড।

 

অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা সম্পর্কেও একই দিনে সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। বোর্ড জানায়, তাকে পিএসএল ২০২৬-এ খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো তাকে আসন্ন পাকিস্তান সফরের টেস্ট সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়া।

 

আরও পড়ুন: ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

 

বিবৃতিতে বলা হয়, নাহিদ রানা বর্তমানে জাতীয় দলের পেস বোলিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছেন। তাই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে না পাঠিয়ে তাকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে রাখা হবে, যাতে তিনি টেস্ট সিরিজের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন।

]]>
সম্পূর্ণ পড়ুন