পাওনা টাকার জেরে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, সহকর্মী গ্রেফতার

২ সপ্তাহ আগে
কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রুবেল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্কাশ আলী ওরফে আকাশ (২৩) নামে তার সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

নিহত রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

 

অভিযুক্ত আক্কাশ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজের সূত্রে রুবেল, আকাশসহ কয়েকজন শ্রমিক নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

 

আরও পড়ুন: কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওনা টাকা নিয়ে রুবেল ও আকাশের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ লোহার তৈরি একটি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

 

ঘটনার সময় সহকর্মী কামাল মিয়া বাইরে থেকে ঘরে ঢোকার পথে আকাশকে দ্রুত বের হয়ে যেতে দেখেন। পরে ঘরে ঢুকে রুবেলকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন: কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা

 

নিহতের বাবা বলেন, রুবেল আমার একমাত্র সন্তান। কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাই। দুই মাস আগে সংসারের স্বচ্ছলতার আশায় ছেলেকে কাজের জন্য মুরাদনগরে পাঠিয়েছিলাম। এখন সে লাশ হয়ে ফিরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাতে গুঞ্জুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা নিয়ে বিরোধের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন