পঞ্চগড়-২ আসনে স্বাধীনতার পর প্রথম প্রতিমন্ত্রী আজাদ

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভায় পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ উপজেলা) বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো এই আসনটি মন্ত্রী পেল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের পাশাপাশি ফরহাদ হোসেন আজাদও শপথ গ্রহণ করেন।

 

জানা গেছে, স্বাধীনতার পর এই আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হলেন। এর আগে এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

 

এদিকে শপথ গ্রহণের পরপরই জেলার বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বড় পর্দায় তা উপভোগ করেন নেতাকর্মীরা। শপথ শেষে সেখান থেকে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তাঁরা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, জেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান সিরাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ বিএনপির প্রার্থী নওশাদের, জয়ের আশা

 

এছাড়া দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে বড় পর্দায় শপথ গ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পরে উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রাতে পঞ্চগড় শহরেও আনন্দ মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

খবর নিয়ে জানা গেছে, ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ফরহাদ হোসেন রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলেন। পরে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পান।

 

ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লিগের সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। একই সাথে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।

 

২০১৮ সালে পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

]]>
সম্পূর্ণ পড়ুন