নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে মাঠে থাকবে ১৫০ পুলিশ ও ভলান্টিয়ার

২ সপ্তাহ আগে
পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জবাসীকে যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে প্রথম দিন থেকেই ব্যাপক জনবল নিয়ে যানজট নিরসন কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই কার্যক্রম শুরু হয়।

 

বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে যানজট নিরসনের এই উদ্যোগ নিয়েছে।

 

দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই কার্যক্রম পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘শুধু রমজান মাস নয়, সারা বছর মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বস্তিতে রাস্তায় চলাচল করতে পারে, তার জন্য জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। তবে আজকে রমজান মাসের প্রথম দিন থেকে আমরা যানজট নিরসনে আরও জোরালোভাবে ও ব্যাপক পরিসরে কার্যক্রম শুরু করেছি। যানজট নিরসনে প্রতিদিন ট্রাফিক পুলিশের ৭০ জন সদস্যসহ ১৫০ জন কমিউনিটি পুলিশ ও ভলান্টিয়ার কাজ করবেন। আমরা আশা করি, এবারের রমজান মাসে মানুষের চলাচল স্বস্তিদায়ক হবে।’

 

আরও পড়ুন: আসামির স্বজনদের হামলায় ৯ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৫

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন বলেন, ‘যানজটের ভোগান্তি থেকে মানুষকে রেহাই দিতে বিকেএমইএ, চেম্বার অব কমার্স, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। রমজান মাসে শহরকে যানজটমুক্ত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রথম দিন থেকেই এই কার্যক্রম শুরু করা হয়েছে। মানুষ যাতে স্বস্তিতে ও নির্বিঘ্নে রাস্তায় এবং ফুটপাত দিয়ে চলাচল করতে পারে, সেই লক্ষ্যে এই টিম জনবহুল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সারাদিন নিয়োজিত থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘এর পাশাপাশি রাস্তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ, পরিবহনের অবৈধ স্ট্যান্ড ও হকারদের উচ্ছেদে জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। আমরা আশা করছি, এই কার্যক্রমের মাধ্যমে শৃঙ্খলা ফিরে এলে সারা বছরই মানুষ এর সুফল ভোগ করবে এবং রাস্তায় স্বস্তিতে চলাচল করতে পারবে। আমরা নারায়ণগঞ্জকে একটি সুশৃঙ্খল শহরে পরিণত করতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা সবার সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।’

 

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন