নবীজি কোন নামাজে কোন সুরা পড়তেন

১৪ ঘন্টা আগে
নামাজ গুরুত্বপূর্ণ আমল। এটি বেহেশতের চাবি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত করা ফরজ, আর সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে পড়া ওয়াজিব। পবিত্র কোরআনের যেকোনো স্থান থেকে তেলাওয়াত করলে ফরজ আদায় হয়ে যাবে।

 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজে কিছু সুরা বেশি পড়তেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নামাজে কীভাবে এবং কোন কোন সুরা পড়তেন তা তুলে ধরা হলো --

 

এক. সফর অবস্থায় সুরা ফাতিহার পর যেকোনো সুরা মিলিয়ে পড়া যাবে। কোনো বাধ্যবাধকতা নেই।

দুই. ফজর ও জোহরের নামাজে সুরা হুজুরাত (৪৯ নম্বর) থেকে সুরা বুরুজ (৮৫ নম্বর) পর্যন্ত সুরাগুলো থেকে পড়া।

তিন. আসর ও এশার নামাজে সুরা তারিক (৮৬ নম্বর) থেকে সুরা বায়্যিনাহ (৯৮ নম্বর) পর্যন্ত সুরাগুলো থেকে পড়া।

চার. মাগরিবের নামাজে সুরা জিলজাল (৯৯ নম্বর) থেকে সুরা নাস (১১৪ নম্বর) পর্যন্ত সুরাগুলো থেকে পড়া।

 

আরও পড়ুন: হজ কত প্রকার ও কী কী

 

সুন্নত ও অন্য নামাজের কিরাত: ফরজ নামাজ ছাড়া সুন্নতসহ অন্য নামাজে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা সুন্নত:

পাঁচ. নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সুরা কাফিরুন (১০৯ নম্বর) এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস (১১২ নম্বর) পড়তেন।

ছয়. নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজের প্রথম রাকাতে সুরা দুহা (৯৩ নম্বর), দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন (১০৯ নম্বর) এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস (১১২ নম্বর) পড়তেন।

সাত. নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায়ই সুরা আস-সাজদা (৩২ নম্বর) ও সুরা দাহর (৭৬ নম্বর) পড়তেন।

আট. জুমার নামাজে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই সুরা আলা (৮৭ নম্বর) ও সুরা গাশিয়াহ (৮৮ নম্বর)  অথবা সুরা জুমা (৬২ নম্বর) ও সুরা মুনাফিকুন (৬৩ নম্বর) পড়তেন।

 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ কিরাত পড়তেন। ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কিরাত পড়তেন। ইসলামি শরিয়তে, নিজের পক্ষ থেকে কোনো নামাজের জন্য কোনো সুরা নির্দিষ্ট করে নেয়া শরিয়ত-পরিপন্থী।

]]>
সম্পূর্ণ পড়ুন