নতুন ২ সাশ্রয়ী প্যাকেজ আনল বিএসসিপিএলসি

৫ দিন আগে
বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা দিতে দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

মঙ্গলবার (১০ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।


প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই ৪ সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেয়া হবে। কোনো প্রিপেইড গ্রাহক ২০০জি নতুন ক্যাপাসিটি কিনলে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেয়া হবে। একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে পাওয়া যাবে।

 

আরও পড়ুন: ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা


যেসব গ্রাহকের বকেয়া রয়েছে, তারা যদি ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের নির্দিষ্ট শিডিউলসহ সম্পূর্ণ বকেয়ার জন্য পোস্ট-ডেটেড চেক দেন, তারাও এই সুবিধা নিতে পারবেন। অফারটি শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেয়া হবে। প্যাকেজটি ১০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে।


এছাড়া বিএসসিপিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজের আওতায় নির্ধারিত শর্তে গ্রাহকরা ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ সুবিধা পাবেন। এই সুবিধা প্রতিষ্ঠানটির কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে দেয়া হবে এবং সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারদের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন প্রণোদনা প্যাকেজগুলোর ফলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কম মূল্যে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবে। এতে তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

]]>
সম্পূর্ণ পড়ুন