দলের ব্যাপারে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের

২ দিন আগে
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে বিশ্বকাপে পা রাখলেও শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়নি। প্রথম তিন ম্যাচের সব কটিতে জয় দিয়ে সুপার এইটের টিকিট কাটে তারা। এরমধ্যে একটি জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু সুপার এইটে দেখা গেল ভিন্ন শ্রীলঙ্কাকে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা শ্রীলঙ্কা সুপার এইটে খেলা দুই ম্যাচেই হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অলআউট হয়েছে মাত্র ১০৭ রানে। এ ম্যাচে ৬১ রানে হেরে সবার আগে সেমিফাইনালে উঠার দৌড় থেকে বাদ পড়েছে তারা। ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার।


শ্রীলঙ্কার এমন বিদায়ে সাবেক ক্রিকেটার পারভেজ মাহারুফ অত্যন্ত হতাশ। বিষয়টিকে কষ্টদায়ক, বেদনাদায়ক এবং লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তিনি। মাহারুফের পরামর্শ, ক্রিকেটারদের ব্যাপারে শ্রীলঙ্কার নির্বাচকরা যেন কিছু কঠিন সিদ্ধান্ত নেন।


আরও পড়ুন: সেমিফাইনাল খেলতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে


ক্রিকইনফোর টাইমআউট শোয়ে তিনি বলেন, ‘নতুন সিরিজ শুরু হওয়ার আগে নির্বাচক ও থিঙ্ক ট্যাঙ্ককে ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। খেলোয়াড়দের সামর্থ্য মূল্যায়ন করতে হবে, কে থাকবে আর কাকে বিদায় দিতে হবে, সে সিদ্ধান্ত নিতে হবে। আগামী কয়েক সপ্তাহে কিছু কঠিন সিদ্ধান্ত আসবে বলে আমি আশা করি। যদি না আসে, তাহলে আমি খুবই অবাক হব।’


মাহারুফ যোগ করেন, ‘ধীরে ধীরে খারাপ অভ্যাসে পরিণত হচ্ছে। আমি সাত-আট বছর ধরে এই (বিশ্লেষণ) করে আসছি, আর বারবার একই কথা বলে যাচ্ছি। মাঝে মাঝে একটা ভালো ম্যাচ হয়, তখন আমাদের আশা আকাশছোঁয়া হয়ে যায়; আর হঠাৎ করেই সেগুলো মাটিতে আছড়ে পড়ে।’

]]>
সম্পূর্ণ পড়ুন