ত্রিশালে এবার ঘটা করে হবে নজরুলের জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ সপ্তাহে আগে
প্রায় দুই দশক পর এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন হবে নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আর অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে 'জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ত্রিশালে ২০০৬ সালের পর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী হচ্ছে না, স্থানীয় সংসদ সদস্য সংসদে বিষয়টি উত্থাপন করার পর এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে জাতীয়ভাবে ত্রিশালে এবার নজরুল জন্মজয়ন্তী হবে। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাই অনুষ্ঠানটি আকর্ষণীয় আয়োজন করতে পরিকল্পনা নেয়া হচ্ছে।

 

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে যদি আমরা উন্নতি করতে হয় তাহলে নতুন করে শুরু করতে হবে। আমাদের গ্রামেগঞ্জে সংস্কৃতির নানা ধরনের উপাদান ছড়িয়ে আছে, তা নিয়ে কাজ করতে হবে। সংস্কৃতির বিকাশে সরকার অত্যন্ত আন্তরিক।

 

জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ত্রিশালে নজরুলকে ঘিরে আয়োজনটি যেন গতানুগতিক না হয়; বরং আমাদের ইতিহাস, সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন ঘটাতে হবে। আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয়—বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে।

 

আরও পড়ুন: কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

 

প্রতিমন্ত্রী আরও বলেন, ত্রিশাল থেকেই আমরা একটি বার্তা দিতে চাই—সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে। ত্রিশাল বাংলাদেশকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উপহার দিতে পারে।

 

তিনি বলেন, আমাদের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি মনস্তাত্ত্বিক বিপ্লব—চিন্তা, চেতনা ও মননের গভীরে পরিবর্তন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ-৭, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

 

আরও পড়ুন: ত্রিশালের মেয়র হলেন বিএনপি নেতা আমিন সরকার

 

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া প্রমুখ। এতে বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা কালচারাল অফিসার, সংস্কৃতি অঙ্গন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে অতিথিরা ত্রিশালে অবস্থিত নজরুলের বাল্য বিদ্যাপীঠ নজরুল একাডেমি, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও জন্মজয়ন্তী উদযাপনের স্থান পরিদর্শন করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন