টিকি-টাকা সবার জন্য নয়, ইতালিকে ডিফেন্সিভ দর্শনে ফেরার পরামর্শ ডাচ কিংবদন্তির

৩ ঘন্টা আগে
ইতালিয়ান ফুটবল পার করছে তাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালিয়ান ক্লাবগুলোও ইউরোপিয়ান প্ল্যাটফর্মে নামের প্রতি সুবিচার করতে পারছে না। এবারের চ্যাম্পিয়ন্স লিগে কোনো ইতালিয়ান ক্লাবই জায়গা করে নিতে পারেনি শেষ আটে।

ইতালিয়ান ফুটবলের এমন দুর্দশা এসি মিলানের স্বর্ণযুগের তারকা ডাচ কিংবদন্তি রুদ খুলিতকেও পীড়া দিচ্ছে। খুলিত মনে করেন, ইতালি যদি তার জাতীয় গৌরব ফিরিয়ে আনতে চায়,  তবে তাদের পুরোনো ফুটবল দর্শনে ফিরে যাওয়া উচিত।


তিনি বলেন, 'তোমাদের (ইতালিয়ান) আসল শক্তি দুর্দান্ত ডিফেন্ডার তৈরি করা। টিকি-টাকা ফুটবল সবার জন্য নয়।'


সিরি আ'র এই সাবেক মিডফিল্ডার ইতালির ক্লাব ফুটবলের সোনালি যুগের অংশ ছিলেন, যখন প্রতিটি দলে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পেতেন। সে সময় এসি মিলানে মার্কো ফন বাস্তেন ও ফ্রাঙ্ক রিজকার্ডকে নিয়ে বিখ্যাত ডাচ ত্রয়ী গড়ে তুলেছিলেন খুলিত।


আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে মহাধস! বেলিংহ্যাম-ভিনিসিউসদের মূল্য কমল ১৭৬ মিলিয়ন ইউরো


স্কাই স্পোর্ত ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইতালির টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার বিষয়ে কথা বলেন। খুলিত বলেন, 'ইতালির ডিএনএ'তে ফিরতে হবে। ভালো ডিফেন্ডার, ভালো গোলরক্ষক আর ভালো স্ট্রাইকার; এটাই ইতালির আসল পরিচয়।'


 

ডাচ কিংবদন্তি রুদ খুলিত। ছবি: স্কাই ইতালিয়া


তিনি আরও বলেন, 'ইতালির সর্বশেষ ট্রফি জয়ের পেছনে মূল অবদান ছিল লিওনার্দো বনুচ্চি এবং জর্জিও চিয়েলিনির। বিশ্বসেরা ডিফেন্ডারই তোমাদের ডিএনএ।'


এর আগে বোনুচ্চি নিজেই বলেছিলেন, তিনি চান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ইতালির নতুন কোচ হন। তবে খুলিতের মত ভিন্ন।


তিনি বলেন, 'আমি বলছি না শুধু ডিফেন্সে বসে থাকতে হবে। কিন্তু আগে পাওলো মালদিনি ছিলেন, আর ফাবিও কানাভারো ইতালির হয়ে ব্যালন ডি'অর জিতেছেন। ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ।'


আরও যোগ করেন, 'এখন সবাই নিজেদের বক্স থেকে খেলা গড়ে তুলে টিকি-টাকা খেলতে চায়, কিন্তু এটা সবার জন্য নয়।'

 

আরও পড়ুন: কভেন্ট্রি সিটিকে ইপিএলে ফিরিয়ে বর্ষসেরা কোচ হলেন ল্যাম্পার্ড


নিজের ক্যারিয়ারে খুলিত সিরি আ'তে ১৭৮ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৬২ গোল করেছেন এবং ৪৬টি অ্যাসিস্ট দিয়েছেন।


এর বেশিরভাগই ছিল এসি মিলানের হয়ে। এছাড়া সাম্পাদরিয়াতেও খেলেছেন, এরপর ১৯৯৫ সালে তিনি চেলসিতে যোগ দেন।


খুলিত এসি মিলানের হয়ে তিনটি সিরি আ শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি উয়েফা সুপার কাপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।


এছাড়া সাম্পাদরিয়ার হয়ে জিতেছেন কোপা ইতালিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন