রাজার এরপর আর ইংল্যান্ডে কাজ ছিল না। তার দল লাহোর কালান্দার্স তাকে ইংল্যান্ড থেকে উড়িয়ে এনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত নেয়। হাতে সময় ছিল ২৪ ঘণ্টারও কম। সাত-পাঁচ না ভেবে তৎক্ষণাৎ নটিংহ্যাম থেকে লাহোরের উদ্দেশে রওনা দেন রাজা। বন্ধুর গাড়িতে করে বার্মিংহ্যাম বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে বিমানের বিজনেস ক্লাস সিট পাননি, বাধ্য হয়ে ইকোনোমি ক্লাস সিটে বসে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন।
৬ ঘণ্টা ভ্রমণ করে তিনি পৌঁছান দুবাইয়ের আবুধাবিতে। সেখান থেকে সরাসরি লাহোরের বিমান ধরেন। তিনি যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন শাহিন আফ্রিদি টসের সময় ঘোষণা করেন যে, সিকান্দার রাজা একাদশে আছেন। শেষমেশ ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে মাঠে পৌঁছান জিম্বাবুয়ে অলরাউন্ডার।
ব্যাপারটি নিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছিলেন, ‘টাকা অনেক কিছু করাতে পারে। যদি পারিশ্রমিক পাওয়া যায়, তাহলে আপনি যাবেনই। আমিও অনেক ভ্রমণ করি। কখনও একটি ম্যাচ শেষ করে পরের দিনই আরেকটি ম্যাচ খেলতে হয়। আমি টানা ২৪ ঘণ্টা ভ্রমণ করে সরাসরি ম্যাচ খেলতে নেমেছি।’
আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নেয়ারাই পিএসএলে খেলতে আসে: আহমেদ শেহজাদ
তবে রাজার কাছে ব্যাপারটি এমন নয়। টাকার চেয়ে সম্মান, মর্যাদা ও আনুগত্যকেই অগ্রাধিকার দেন তিনি। এও জানিয়েছেন, ইমাদের কথায় তিনি বিচলিত নন। সম্প্রতি স্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে এ কথা বলেন রাজা।
রাজা বলেন, ‘ইমাদ ওয়াসিম মন্তব্য করেছে যে টাকা নাকি আমাকে ফিরে এসে পিএসএল ফাইনাল খেলতে অনুপ্রাণিত করেছে। এটা সঠিক নয়। টাকা আমার প্রেরণা ছিল না। আমার অগ্রাধিকার হলো সম্মান, মর্যাদা এবং আনুগত্য। আসলে, আমি যে ম্যাচগুলো মিস করেছি, সেগুলোর জন্য আমার চুক্তি থেকে অর্থ কেটে নেওয়া হয়েছে। তাই তার এই মন্তব্য আমাকে বিচলিত করে না, কারণ এটা সত্য নয়।’

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·