ঝিনাইদহে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

৪ সপ্তাহ আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফেসবুকে পোস্ট করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম নামে কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

 

স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের কন্যা সন্তান হয়। সন্তানের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ লিখে কমেন্টস করেন। সেই কমেন্টসে স্থানীয় এক যুবক বাজে মন্তব্য করে রিপ্লাই দেয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন জানান, তর্কবিতর্কের জেরে মারধরের ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আবুল কাশেমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন