জীবিকার সন্ধানে বেরিয়ে নিথর দেহে বাড়ি ফিরছেন তারা!

১ সপ্তাহে আগে
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে ৭ ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলায়। উপার্জনের আশায় বাড়ি থেকে বের হওয়া এসব শ্রমিকের আকস্মিক মৃত্যুর খবরে তাদের নিজ গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে; স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগে, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিলেন।

 

স্থানীয়রা জানান, নিহত ৭ জনের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামে। তারা হলেন- ওই গ্রামের পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)। এছাড়া নিহত অপর তিনজনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নে। তারা হলেন: খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০) এবং ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। 

 

নিহতদের মৃত্যুতে বিরামপুরের ভাইগড় গ্রামে চলছে স্বজন হারানোর আর্তনাদ। কেউ হারিয়েছেন আদরের সন্তান, কেউবা হারিয়েছেন জীবনসঙ্গীকে। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন পুরো গ্রামের মানুষ।

 

আরও পড়ুন: চালকের আসনে ছিলেন হেলপার: কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়িই দিনাজপুরে

 

ভাইগড় গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, ‘নিহত চারজনের মধ্যে দুজনের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। ধান কাটা থেকে শুরু করে যেকোনো কাজ আমরা একসঙ্গেই করতাম। আজ সকালে যখন ঘুম থেকে উঠে শুনলাম চারজন মারা গেছে, বিশ্বাস করতে পারছি না।’

 

নিহত সুমনের বন্ধু নয়ন বলেন, ‘গত দুই দিন আগেই সুমনের সঙ্গে আমার কথা হয়। সুমন আমাকে জানিয়েছিল, তারা কয়েকজন মিলে ধান কাটার জন্য কুমিল্লা ও নোয়াখালী এলাকায় যাবে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু পারিবারিক কাজের জন্য যেতে পারিনি। আজ সকালে ঘুম থেকে উঠে শুনলাম তারা সবাই মারা গেছে, আমি বিশ্বাস করতে পারছি না।’

 

বিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান দুলাল বলেন, ‘আমি সকালে একটি জানাজায় ছিলাম। সেখানেই সংবাদ পাই ভাইগড় গ্রামের চারজন নিহত হয়েছেন। তারা সবাই দিনমজুর। নিহতের বিষয়টি আমি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে জানিয়েছি।’

 

আরও পড়ুন: দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

 

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে কাজের সন্ধানে বের হওয়া এই কৃষি শ্রমিকরা চালবোঝাই একটি ট্রাকের বস্তার ওপর বসে কুমিল্লা ও ফেনীর উদ্দেশে যাচ্ছিলেন। 

 

আহত ট্রাক যাত্রী জাহাঙ্গীর জানান, মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে মূল চালক ট্রাক চালানোর দায়িত্ব দেন হেলপারকে। এরপর দাউদকান্দিতে পৌঁছালে চালকের আসনে থাকা হেলপার নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক মো. হানিফ বলেন, ‘আমরা সবাই ট্রাকের ওপরে ছিলাম। কখন যে সবাই ছিটকে পড়ে গেলাম, তা বুঝতেও পারিনি। সবাই কাজের সন্ধানে ট্রাকে করে রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে ভর্তি, আমার হাত ভেঙে গেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন