জাহানারার অভিযোগে নিষিদ্ধ হলেন মঞ্জুরুল

১ সপ্তাহে আগে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেটের সকল ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই সিদ্ধান্তের কথা

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্তের জন্য বিসিবি কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে, বোর্ড মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন সকল ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’ 

 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

 

এর আগে নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলে জাহানারা তাদের কাছেও লিখিতভাবে একই অভিযোগ করেন। 

 

তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। জাহানারা যে চারটি নির্দিষ্ট অভিযোগ করেছিলেন, তার মধ্যে কমিটি দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে বলে জানায় বিসিবি। তার কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে বলেও জানানো হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে।     

 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘চাপে আটকে’ যাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতার

 

তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই আজ ভার্চ্যুয়াল বোর্ড সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করছেন মঞ্জুরুল। ২০২৫ সালের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন