চবির শাটল ট্রেনে বহিরাগতদের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত তরুণের বিরুদ্ধে। হেনস্তাকারীদের মুখে এসময় ‘ছাত্রদলের স্লোগান’ শোনা গেছে বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় শহরগামী শাটল ট্রেনটি পলিটেকনিক হল্ট এলাকায় থামলে এ ঘটনার সূত্রপাত ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পলিটেকনিক হল্টে ট্রেন থামলে কয়েকজন বহিরাগত ট্রেনে ওঠে। একপর্যায়ে তারা এক নারী শিক্ষার্থীর পাশে বসতে চাইলে তিনি আপত্তি জানান। এ নিয়ে কথা কাটাকাটির পর তারা জোর করে ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করে এবং ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে।

 

তারা আরও জানান, এ সময় অভিযুক্তরা উচ্চস্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের স্লোগান দিতে থাকে এবং আপত্তিকর ভাষা ব্যবহার করে। এমনকি ভুক্তভোগীর পোশাক নিয়েও কটূক্তি করা হয়। পরে ট্রেন থেকে নামার সময়ও তারা অপমানজনক মন্তব্য ও স্লোগান দিতে থাকে।

 

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

 

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘পলিটেকনিক এলাকার একজন আমার পাশে বসতে চাইলে জানতে চাই, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা। ‘না’ উত্তর পেয়ে আমি আপত্তি জানাই। এরপর ওই ব্যক্তি ও তার সঙ্গে থাকা অন্যরা সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলা ও হাসাহাসি শুরু করে। একপর্যায়ে আমি ঘটনাটি ভিডিও করতে গেলে তারা আমার মোবাইল ফোন নিয়ে টানাটানি ও ফেলে দেয়ার চেষ্টা করে।’

 

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পাশে থাকা একজন আপত্তি জানালে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা রাজনৈতিক স্লোগান দিতে দিতে দেওয়ানহাট পর্যন্ত যায় এবং নামার সময় আবারও উত্ত্যক্ত করে। তবে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। ঘটনার পর বিষয়টি সহপাঠীদের মাধ্যমে চাকসু প্রতিনিধিদের জানানো হলে প্রক্টর অফিসে অভিযোগ দেয়া হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘চাকসু প্রতিনিধিদের মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি যে পলিটেকনিক এলাকার কিছু শিক্ষার্থী শাটলে উঠে স্লোগান দিয়ে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছে। অভিযুক্তদের শনাক্ত করতে সংশ্লিষ্ট পলিটেকনিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘শাটল ট্রেন পলিটেকনিক এলাকায় না থামানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রতিটি বগিতে নিরাপত্তার দায়িত্বে লোক নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে উপাচার্যের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন