নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম সজিব খান (২৭)। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার চরগরবদি গ্রামের মো. শহিদ খানের ছেলে।
সজিবের বাবা নারায়ণঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ফলের ব্যবসা করেন এবং শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তবে সজিবের মা ও ছোট ভাই পটুয়াখালীর গ্রামের বাড়িতেই থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে শহরের নিতাইগঞ্জ এলাকায় ইন্টেরিয়র ডেকোরেশন ব্যবসায়ী সোহেল রানার মেয়েকে বিয়ে করেন সজিব। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়ির কাছাকাছি নিতাইগঞ্জের কাচারি গলি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় লেকের পাড়ে তার একটি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
সজিবের স্ত্রী মোসা. নুরজাহান রানা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, প্রয়াত দাদার চেহলাম উপলক্ষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে আয়োজিত পারিবারিক মিলাদ মাহফিলে অংশ নিতে সজিব সোমবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিতাইগঞ্জের বাসা থেকে বের হন। যাত্রাপথে স্ত্রীর সাথে একাধিকবার মোবাইল ফোনে কথাও বলেন তিনি। ওইদিন বিকেল ৪টা ৫ মিনিটে স্ত্রীর সাথে শেষবার কথা বলার পর থেকে সজিবের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: ট্রলারে ধাক্কা, প্রিন্স আওলাদ-৭ এর রুট পারমিট স্থগিত
এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন সজিবের পরিবার এবং নিকটাত্মীয়দের ফোন করে খোঁজ নেন। তবে কোথাও তার সন্ধান মেলেনি।
কোথাও খোঁজ না পেয়ে সজিবের স্ত্রী নুরজাহান রানা পরদিন মঙ্গলবার (২৪ মার্চ) সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে বুধবার (২৫ মার্চ) একই থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি। এছাড়া একই দিন সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়।
সজিবের শ্বশুর সোহেল রানা সময় সংবাদকে বলেন, ‘বিয়ের পর থেকে সজিব ও আমার মেয়ে বেশ সুখ-শান্তিতেই সংসার করছিল। দাম্পত্য জীবনে তাদের কোনো ঝগড়া-বিবাদ হয়নি। এছাড়া কারও সাথে সজিবের কোনো শত্রুতাও ছিল না। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা দুই পরিবারই খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বিভিন্ন থানা এবং হাসপাতালে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সময় সংবাদকে বলেন, ‘থানায় জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি, নিখোঁজ সজিবের সাথে থাকা মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল মাদারীপুর জেলার মুকসুদপুর এলাকায়। আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তার সন্ধান বের করতে সব ধরনের চেষ্টা চলছে।’
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·