‘গুপ্ত’ লিখে দেয়াল লিখন কর্মসূচি পালন রাবি ছাত্রদলের

১ সপ্তাহে আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন। এ সময় তারা দেয়ালে লাল রঙ দিয়ে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে’ লিখেন।


দেয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘একাত্তরের রাজাকার বাহিনীরা জুলাই পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে দাবি করছে। তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। আজকে দেয়াল লিখনের মাধ্যমে গুপ্ত রাজনীতি থেকে সুষ্ঠু ধারায় রাজনীতি করার আহ্বান জানাই।’


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি চালায়, আমরা সেটা সাংগঠনিক এবং আইনগতভাবে প্রতিরোধ করব।’

আরও পড়ুন: রাকসু হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল সাংবাদিকদের বলেন, ‘জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা আজকে দেয়াল লিখন কর্মসূচি হাতে নিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি হতে দেব না। যদি তারা গুপ্ত রাজনীতি থেকে বিরত না থাকে তাহলে সরকার থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো। আমরা চাই তারা সুষ্ঠু ধারায় বাংলাদেশপন্থি রাজনীতি করুক।’


উল্লেখ্য, গতকাল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ছাত্ররাজনীতির ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন