টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এটি ছিল তাদের দ্বিতীয় হার। ম্যাচ শেষে শানাকা বলেন, চারপাশে যে নেতিবাচক আলোচনা চলছে, সেটিই দলের জন্য বড় ধাক্কা।
তিনি বলেন, ‘আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি, বাইরে অনেক নেতিবাচক কথা হয়। এটা শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় ক্ষতি। তার ভাষ্য, ক্রিকেটই দেশের প্রধান খেলা, অথচ স্টেডিয়ামের বাইরে নানা সমালোচনা ও মন্তব্য খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
শানাকা মনে করেন, বিষয়টি কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। ‘আমরা খেলব, একসময় চলে যাব। কিন্তু যারা ভবিষ্যতে আসবে, তাদের জন্য হলেও যদি সরকার এই নেতিবাচকতা বন্ধে পদক্ষেপ নেয়, সেটাই ভালো।’
আরও পড়ুন: পাইবাসের আফগানিস্তানে গিয়ে কাজ করতে অসুবিধা নেই
খেলার পরিবেশ নিয়েও কথা বলেন শানাকা। টুর্নামেন্ট শুরুর আগে ব্যাটিং সহায়ক উইকেটের আশা করেছিলেন তিনি। দলে থাকা ব্যাটারদের ঘরোয়া ক্রিকেটে ভালো স্ট্রাইকরেট ও সামর্থ্যের কথা তুলে ধরে বলেন, ‘কখনও কখনও প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায় না, তখন অপ্রত্যাশিতভাবে হারতে হয়। যা হয়েছে, তা নিয়ে আমরা ভীষণ হতাশ।’
এবারের বিশ্বকাপটি ঘরের মাঠে খেলেছে তারা। আরেকবার এমন সুযোগ নাও আসতে পারে বলে আক্ষেপ ঝরেছে শানাকার কণ্ঠে। তার আশা, সমালোচনার বদলে ইতিবাচক সমর্থনই শ্রীলঙ্কান ক্রিকেটকে এগিয়ে নেবে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·