ক্ষোভ বাড়ছে কিউবায়, ক্ষমতাসীন দলের কার্যালয়ে হামলা

৪ সপ্তাহ আগে
বিদ্যুৎ সংকট, খাদ্যদ্রব্যের দাম এবং দীর্ঘস্থায়ী জ্বালানি অবরোধে ক্ষোভ বাড়ছে কিউবায়। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সংকটের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায় দিচ্ছে হাভানা।

বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকটের প্রতিবাদে কিউবায় শুরু হওয়া শান্তিপূর্ণ সমাবেশ সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) ভোরে কেন্দ্রীয় শহর মোরনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা।

 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সমাবেশ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধরা ভবনের জানালায় পাথর ছোড়ে এবং ভেতরের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে আগুন জ্বলছে, আর বিক্ষোভকারীরা স্বাধীনতার স্লোগান দিচ্ছেন। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

 

আরও পড়ুন: কিউবার ‘শ্বাসরোধ করার চেষ্টা করছে‘ যুক্তরাষ্ট্র: রাশিয়া

 

একই সময়ে একটি ফার্মেসি ও সরকার পরিচালিত বাজারেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র ইনভাসর। মার্কিন জ্বালানি অবরোধের কারণে তিন মাস ধরে জ্বালানি সরবরাহ না আসায় এ সংকট তৈরি হয়েছে বলে দাবি প্রশাসনের।

 

এদিকে হাভানায় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেন, দুই দেশের মতপার্থক্য ও সম্ভাব্য সমাধান নিয়ে এরমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়াটিকে অত্যন্ত সংবেদনশীল বলে আখ্যা দেন তিনি।

 

দিয়াজ কানেল জানান, সেখানে দুই দেশের মতপার্থক্য, সম্ভাব্য সমাধান এবং পারস্পরিক স্বার্থে বাস্তব পদক্ষেপ নেয়ার রাজনৈতিক সদিচ্ছা যাচাই করা হয়েছে। এসময়, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন