মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়াম থেকে সারা দেশে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লকের অধীন ১৪৫৩ জনকে দেয়া হয় কৃষক কার্ড।
এ সময় প্রধানমন্ত্রী ১৫ কৃষকের হাতে তুলে দেন কৃষক কার্ড। আর এই তালিকায় থাকা কবির হোসেনের ছবি ঘিরেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়।
তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিন ঘুরে দেখা গেছে, নিজের সেচ পাম্প থেকে পানি দিয়ে বর্গা নেয়া জমিতে পরম মমতায় কাজ করছেন কবির হোসেন। কখনও হাতে কাঁচি নিয়ে নিড়াচ্ছেন ঘাস, কখনও বা মনের সুখে গান গেয়ে মাতিয়ে রাখছেন ফসলের মাঠ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষক কবির হোসেনের কৃষক কার্ডের ছবি ও এআই দিয়ে বানানো ছবি পোস্ট করে দাবি করা হয় তিনি প্রকৃত কৃষক নন।
বিতর্ক শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে কবির হোসেনের বাড়িতে ছোটেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর তথ্যে তারা কবিরের কৃষিনির্ভর জীবনের সত্যতা পেয়েছেন।
আরও পড়ুন: কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এলাকাবাসী ও স্থানীয় কৃষকরাও বলছেন, কবির হোসেন পুরোদস্তুর একজন কৃষক। তার নিজের সেচ পাম্প আছে এবং তিনি জমি বর্গা নিয়ে নিয়মিত চাষ করেন।
কৃষক কবির হোসেন বলেন, ‘এক সময় তার বাপ-দাদার জমি জমা থাকলেও বর্তমানে তাদের খুব একটা জমি নেই। তবে নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে নিয়মিত চাষ করেন এবং একটি সেচ পাম্প রয়েছে তার। এছাড়া গরু-ছাগল, হাঁস-মুরগি লালন পালন করে পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আশেক পারভেজ।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·