কুষ্টিয়া-৩ আসনে বক্তা মুফতি আমির হামজার জয়

২ সপ্তাহ আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

ফলাফলে দেখা গেছে, মুফতি আমির হামজা ১ লাখ ৬৭ হাজার ৭৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন সরকারকে (১ লাখ ১৯ হাজার ৫৭৭ ভোট) বড় ব্যবধানে পিছিয়ে দিয়েছেন।

 

মুফতি আমির হামজা এবারের নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী। তার বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তুমুল আলোচনা হয়েছে। তবুও কুষ্টিয়া শহরের মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন।

 

আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার 

 

এর আগে আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।


মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

 

আদালতের রায় অনুযায়ী, কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়।

 

রায়ে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন