কিশোর গ্যাংকে রাজনৈতিক শেল্টার দিলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এমপি মাজেদের

২ সপ্তাহ আগে
কিশোর গ্যাংকে রাজনৈতিক শেল্টার বা আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক স্ট্যাটাসে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ লেখেন, ‘প্রত্যেকটি এলাকায় কিশোর গ্যাং নিয়ে আওয়াজ তুলুন। এদের নাম, বাবার নাম, ছবিসহ লিস্ট করুন। এদেরকে দয়া করে বলব ভালো হয়ে যেতে। এদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন, এদের রাজনৈতিকভাবে কোনো নেতা শেল্টার দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

 

তিনি আরও লেখেন, ‘এদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এলাকাছাড়া করুন। কোনো মেয়েকে যদি এরা কেউ উত্ত্যক্ত করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমার এলাকায় প্রতিটি মেয়ে নিরাপদে স্কুলে যাবে। কেউ ভয় পাবেন না, সাহসী হোন। আমরা পারবই।’

 

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্ট্যাটাসটিতে রিঅ্যাক্ট পড়েছে ৭ হাজারেরও বেশি। এছাড়া ১ হাজার ২০০ মন্তব্য ও ১৬৬ জন স্ট্যাটাসটি শেয়ার করেছেন। মন্তব্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কোথায় কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখে পড়ে, সেগুলো তুলে ধরেন অনেকে।

 

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাশিম উদ্দিন লেখেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। সাম্প্রতিককালে সারাদেশেই কিশোর গ্যাং নামের এক উপদ্রব সৃষ্টি হয়েছে। এরা অনেকটা প্রকাশ্যে সামাজিক বিভিন্ন অপরাধ করে বেড়ায়, রাস্তাঘাটে স্কুলগামী মেয়েদের ইভটিজিংসহ মোবাইলে ছবি, ভিডিও ধারণ করে। এই বেয়াদব প্রজন্মকে এখনই থামাতে না পারলে আমাদের আগামী দিনগুলো আরও অন্ধকারের মুখোমুখি হবে। সবচেয়ে ভালো হয়, স্কুল টাইমে মাঝে মাঝে পুলিশি টহল চালু করা।’

 

আরও পড়ুন: এলাকায় ফিরেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি সালমান ওমরের

 

রাসেল পাঠান নামে একজন লেখেন, ‘ভাই, উচাখিলা বাজারে কিশোর গ্যাংয়ের প্রভাব বেশি। এদের কারণে সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারছে না। উচাখিলা বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে। চুরি, ছিনতাই, মাদক কারবারিসহ নানারকম অপকর্মে লিপ্ত হয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাই দ্রুত এদেরকে আইনের আওতায় আনার জন্য আপনার নিকট অনুরোধ করা হলো।’

 

শফিকুল ইসলাম নামে আরেকজন লেখেন, ‘বর্তমানে এটি সামাজিক বড় সমস্যা। ছাত্র হয়েও বইয়ের সাথে যোগাযোগ নাই, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ নাই। পরীক্ষার সময় এসে সুপারিশ, অতঃপর রেজাল্ট শূন্য।’

 

এর আগে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি ও বাজার মনিটরিং করতে টিম গঠনের আহ্বান জানালে তা মানুষের কাছে প্রশংসা কুড়ায়। বুধবার বিকেল ৪টার দিকে ফেসবুকে এই সংসদ সদস্য লেখেন, ‘আমি রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে উপজেলায় গরুর মাংস বিক্রি করতে চাই। আমি সবার সহযোগিতা চাই। গতবার যে প্রতিযোগিতা ছিল, আমি চাই সকল ইসলামি দলও এটা করুক। অন্তত গরিব মানুষগুলোর সাহায্য হবে। রাজনীতি মানুষের কল্যাণে হোক। সবাই মিলে আমরা ভালো ঈশ্বরগঞ্জ চাই। জাতীয়তাবাদী দল আমরা মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হই।’

 

এরপর বিকেল ৫টার দিকে তিনি বাজার মনিটরিং নিয়ে আরও একটি স্ট্যাটাস দেন। তাতে লেখেন, ‘প্রত্যেক ইউনিয়নে দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য লোক দিয়ে বাজার মনিটরিং টিম গঠন করুন। পবিত্র রমজানে কেউ সিন্ডিকেট করে দাম যেন বাড়াতে না পারে। যেখানে বাজার কমিটি আছে, তারা করবেন; যেখানে নাই, সেখানে বিএনপির দায়িত্বশীল নেতারা করবেন। তবে কমিটি রাজনৈতিকভাবে করবেন না। সকল দায়িত্বশীল জেন-জি সবাইকে নজর রাখার অনুরোধ করা হলো। এই ঈশ্বরগঞ্জ আমাদের সকলের, এর দায়িত্বও সকলের। সবাই মিলে ঈশ্বরগঞ্জকে ভালো রাখতে হবে। তাই অনুরোধ, সবাই যেন দেশপ্রেমকে বুকে ধারণ করে।’

]]>
সম্পূর্ণ পড়ুন