দুপুরের পর মিছিল সহকারে নেতাকর্মীরা দলে দলে বিএনপি কার্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন। সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারপর দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বিপুর নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে, সালাহউদ্দিন আহমদের নিজ এলাকা পেকুয়াতেও মিষ্টি বিতরণ করা হয়েছে। আর কক্সবাজারবাসীর প্রত্যাশা- নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রোহিঙ্গা সংকটের সমাধান।
শহর যুবদলের যুগ্ম আহ্ববায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, ‘কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একইসঙ্গে কক্সবাজারের ভূমিপুত্র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কক্সবাজারের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন, পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র উপকূলে জলদস্যু দমনে তিনি কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেবেন-এটাই আমাদের প্রত্যাশা।’
অ্যাডভোকেট আব্দুল মন্নান বলেন, ‘সালাহউদ্দিন আহমদ আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। তিনি কক্সবাজারের গর্ব, আমাদের মাটির সন্তান। তার জীবন সংগ্রামের ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয়। দীর্ঘ ১৪-১৫ বছর তিনি নিজেই ভারতে শরণার্থী হিসেবে কষ্টের জীবন কাটিয়েছেন। একজন মজলুম মানুষের সেই তিক্ত অভিজ্ঞতা তাকে মানুষের দুঃখ–কষ্ট গভীরভাবে বুঝতে শিখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি একজন কক্সবাজারবাসী হিসেবে তার এই অর্জনে গর্ব অনুভব করি এবং তাঁর সফলতা কামনা করি। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো জটিল ও মানবিক ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন-এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ শরণার্থী জীবনের কষ্ট তিনি নিজে অনুভব করেছেন, তাই এই সংকট সমাধানে তিনি অন্যদের চেয়ে বেশি সহমর্মী ও দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবেন।’
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল বলেন, ‘কক্সবাজারের ভূমিপুত্র ও এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ সাহেবকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমরা আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে তিনি তার যোগ্যতা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, মানুষ সামাজিক নিরাপত্তা ফিরে পাবে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।’
আরও পড়ুন: ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে মন্ত্রিসভায় স্বপন
কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘পুরো জেলাবাসীর জন্য আজকে গৌরবের দিন, একজন যোগ্য মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। ইনশাআল্লাহ পুরো দেশের সঙ্গে সালাহউদ্দিন আহমদের যোগ্য নেতৃত্বে আরও সমৃদ্ধ হবে কক্সবাজার।’
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, ‘কক্সবাজারবাসীর প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা কক্সবাজারবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের জেলার একজন যোগ্য ও অভিজ্ঞ নেতার হাতে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা নিঃসন্দেহে আমাদের জন্য বড় অর্জন। আমরা তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তার নেতৃত্বে দেশ ও জনগণ আরও বেশি নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের সুফল ভোগ করবে-এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং সংসদের নেতা হিসেবে শপথ গ্রহণ করায় আমরা গভীরভাবে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আমরা বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশের নতুন এই অগ্রযাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম, ১৯৯৬ সালের জুনে দ্বিতীয় এবং ২০০১ সালের অক্টোবরে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন হলে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন সালাহউদ্দিন আহমদ। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির এই নেতা।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·