এলাকায় ফিরেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি সালমান ওমরের

১ সপ্তাহে আগে
শপথ নিয়ে নিজ এলাকায় ফিরেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল।

তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় কেউ চান্দাবাজি করতে গেলে সে যে দলের লোক হোক বেঁধে রেখে আমাকে খবর দেবেন। কোন চান্দাবাজদের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্ত জনপথে ঠাঁই নেই। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন।


বুধবার বিকেলে নবনির্বাচিত এমপি হালুয়াঘাট পৌঁছালে উপজেলার সরচাপুর ব্রিজ থেকে সাধারণ জনতা ও নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এসময় বিভিন্ন স্তরেরর মানুষ সড়কের পাশে অবস্থান নিয়ে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন। নাগলা বাজার থেকে ধারা বাজার হয়ে হালুয়াঘাট ধোবাউড়া উপজেলা সদরে যান এমপি। পরে সেখানে তাকে সংবর্ধনা দেন সাধারণ জনতা।


হালুয়াঘাট পৌর বাজারে মহিলা মার্কেট চত্তরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে অত্যচার, নির্যাতন হুমকি-ধামকি, নিপীড়ন সহ্য করে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করে যে সম্মান আর ভালোবাসা দেখিয়েছেন তাঁর ঋণ কখনো আমি শোধ করতে পারবোনা।


আরও পড়ুন: নিয়মের বাইরে খাজনা নিলেই চাঁদাবাজির মামলা হবে: এমপি মাজেদ

এসময় ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। আজ থেকে হালুয়াঘাট আর ধোবাউড়া থানায় কোন প্রকার চাঁদাবাজি হতে দিবো না। যারা ভয় ভীতি আর চান্দাবাজি করেছেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গুণ্ডামী অনেক দেখিয়েছেন আমার সাথে গুন্ডামী দেখিয়ে লাভ নাই। বহুত বড় গুন্ডা পার কইরা আজ এই জায়গা আসছি। সময় আছে আপনারা ভাল হয়ে যান।


তিনি উল্লেখ করেন, যারা আমাদের বলছিলেন ১২ তারিখের পর হালুয়াঘাটে থাকতে দিবেন না, আমি আজ তাদেরকে বলছি আপনারা হালুয়াঘাটে থাকেন কিন্তু কাল থেকে নিয়ত করে ফেলেন চিল্লায় চলে যান, তওবা করে ঠিক হয়ে যান সময় আছে। এইসব চান্দাবাজী ধান্ধাবাজি আর হালুয়াঘাটে চলবে না, হালুয়াঘাট মুক্ত। আমি যতদিন বেঁচে আছি হালুয়াঘাটে কোন প্রকার চাঁদাবাজি হতে দিবোনা।


এসময় হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বিভিন্ন মানুষ ফুল দিয়ে বরণ করে নেন। সালমান ওমর হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা উত্তর বিএনপির সদস্য ছিলেন। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহকে হারিয়ে স্বতন্ত্র এমপি হন সালমান ওমর।

]]>
সম্পূর্ণ পড়ুন