প্রতিটি উৎসবেরই থাকে আলাদা আবহ, রং ও অনুভূতি। আর সেই আবহ ঘরের ভেতর ছড়িয়ে দিতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। শুধু সাজসজ্জা নয়, বরং উৎসবের আবেগকে ঘরের দেয়াল, আলো আর আসবাবে তুলে ধরাই এখন নতুন ট্রেন্ড।
ঈদ উৎসবে ঘরের সাজসজ্জা নিয়ে কথা বললেন ডেকোরেজ ইন্টেরিয়র্স-এর কর্ণধার মোঃ আবু হুরায়রা জুয়েল। তিনি জানান, ঈদে হালকা প্যাস্টেল বা সোনালি টোন, পার্ল হোয়াইট রঙের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই স্থায়ী পরিবর্তনের বদলে বেছে নিচ্ছেন সিজনাল ডেকোর—যা উৎসব শেষে সহজেই বদলে ফেলা যায়।
উৎসবের আবহ পেতে কেমন হবে সেই ডিজাইন? তিনি বললেন, উৎসবের আবহ ধরে রাখতে চাইলে ইন্টেরিয়রে একটি উষ্ণ, প্রাণবন্ত এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে হয়। এজন্য নিউট্রাল বেস কালারের সঙ্গে হালকা উৎসবমুখী অ্যাকসেন্ট যেমন, কুশন, কার্পেট, লাইটিং, ওয়াল আর্ট ব্যবহার করা যেতে পারে। লেয়ারড লাইটিং ব্যবহার করলে ঘরে সবসময় একটি উৎসবমুখী অনুভূতি বজায় থাকে। একই সঙ্গে এমন ডিজাইন করতে হবে যা স্থায়ীভাবে সুন্দর থাকবে, আবার প্রয়োজন অনুযায়ী সহজেই উৎসবের টাচ যোগ করা যাবে।
ঈদে বর্ণিল অন্দর
ঈদকে কেন্দ্র করে ঘর সাজানোর আধুনিক ফর্মুলা নিয়ে জুয়েল জানান, ঈদের জন্য ঘর সাজানোর আধুনিক ফর্মুলা হলো “ সিম্পল বেস, ফেসটিভ হাইলাইট।’ অর্থাৎ, বেস ইন্টেরিয়র হবে ক্লিন ও এলিগ্যান্ট, আর ঈদের সময় কিছু স্পেশাল উপাদান যুক্ত করা হবে। যেমন, গোল্ডেন বা ওয়ার্ম টোনের ডেকোর, নতুন কুশন কভার, টেবিল সেটআপ, অ্যারোমাটিক ক্যান্ডেল, এবং সফট লাইটিং। অতিরিক্ত ভারী সাজসজ্জা না করে, ছোট ছোট ডিটেইলের মাধ্যমে একটি রুচিশীল উৎসবের পরিবেশ তৈরি করাই আধুনিক ট্রেন্ড।
বাড়িতে জনসংখ্যা বেশি হলে ডিজাইনের পরিবর্তন হয় কী? জুয়েলের মতে, অবশ্যই পরিবর্তন হয়। বেশি সদস্যের পরিবারের জন্য ডিজাইন করতে গেলে ফাংশনালিটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। মাল্টিফাংশনাল ফার্নিচার, পর্যাপ্ত স্টোরেজ, এবং ওপেন বা সেমি-ওপেন লেআউট খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলাচলের জায়গা ফাঁকা রাখা, ডাইনিং ও লিভিং স্পেসকে ফ্লেক্সিবল রাখা, এবং প্রতিটি সদস্যের প্রাইভেসি নিশ্চিত করাও জরুরি। ডিজাইনটি এমন হতে হবে যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে, আবার দেখতে সুন্দরও লাগে।
মোঃ আবু হুরায়রা জুয়েল
উৎসবে ইনডোর প্লান্ট ইন্টেরিয়রে কতটা ভূমিকা রাখে? তার ব্যাখ্যা, ইনডোর প্লান্ট ইন্টেরিয়রে একটি প্রাকৃতিক সতেজতা যোগ করে, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। এটি শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং ঘরের পরিবেশকে ফ্রেশ ও আরামদায়ক করে। ঈদের সময় লিভিং স্পেস বা প্রবেশপথে কিছু সুন্দর প্লান্ট যোগ করলে পুরো স্পেসটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ডেকোর এলিমেন্ট।

৪ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·