‘ঈদযাত্রার বহরে প্রায় ২৯ হাজার মেয়াদোত্তীর্ণ বাস’, ‘অবসরের টাকা পেতে পদে পদে হয়রানি’

৪ সপ্তাহ আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে।

রোববার (১৫ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। এক নজরে জেনে নিন প্রতিবেদন।

 

ঈদযাত্রার বহরে প্রায় ২৯ হাজার মেয়াদোত্তীর্ণ বাস- এটি দৈনিক বণিক বার্তার শেষ পাতায় প্রাকাশিত খবরের শিরোনাম।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নিবন্ধিত বাস ও মিনিবাসের সংখ্যা ৮৬ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ২৯ হাজার বাস ও মিনিবাসের বয়স ২০ বছর বা তারও বেশি বলে জানিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

পুরনো এসব যানবাহনের একটি বড় অংশ এবারো ঈদযাত্রায় সড়কে চলাচল করছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, অর্থনৈতিক আয়ুষ্কাল পার হয়ে যাওয়া এসব বাস-মিনিবাস ঈদে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি ব্যস্ত সড়কে হঠাৎ বিকল হয়ে যানজট ও বিশৃঙ্খলারও কারণ হতে পারে পুরনো বাসগুলো।

 

ট্রিপ কমাচ্ছে দূরপাল্লার বাস পাম্পে ভিড় কমছে না- এই শিরোনামের প্রতিবেদনটি মানবজমিন পাত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে দেশের তেলের বাজারের কয়দিন ধরেই অস্থিরতা চলছে। তেল ফুরিয়ে যাওয়ার শঙ্কায় অনেকেই প্রয়োজনের অধিক তেল নেয়ার চেষ্টা করছেন। ফলে তেল নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সরকার রেশনিং পদ্ধতিতে তেল কেনা-বেচার নিয়ম করে দিলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সরকারের রেশনিংয়ের আওতায় আছে দূরপাল্লার যানবাহনে ডিজেলচালিত ভারী যানবাহনও। অভিযোগ আসছে সরকার ঘোষিত পরিমাণের চেয়েও কম জ্বালানি পাওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। ডিজেল না পাওয়ায় দূরপাল্লার বাসের ট্রিপ সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে, ঈদযাত্রায় যার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী রাজধানীর গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। এখান থেকে দেশের নানা দূরত্বে যানবাহনগুলো ছেড়ে যায়। সরজমিন মহাখালী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, আগের তুলনায় বাসস্ট্যান্ডগুলোতে বাস ও যাত্রীদের সংখ্যা কম। কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারেও দূরপাল্লার রুটগুলো স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ব্যবধানে ছেড়ে যাচ্ছে। ঈদের ৭ দিন বাকি থাকলেও তার চাপ পড়েনি বাসস্ট্যান্ডে। তবে, সংকটের ফলে পাম্পে জ্বালানি সংগ্রহের চাপে রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি লেগে ছিল। ফিলিং স্টেশনসংলগ্ন রাস্তাগুলোতেও দিনভর ছিল তীব্র যানজট। এতে জ্বালানি নিতে বাড়তি দুই-তিন ঘণ্টা সময় লাগছে বাসগুলোর। এই সময়ের যাত্রীদেরও আগের চেয়ে বেশি অপেক্ষা করা লাগছে। তবে ঈদযাত্রকে সামনে রেখে গণপরিবহনের আজ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ফলে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে গণপরিবহনে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

 

সময় শেষ হচ্ছে আজ: সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস- এটি সমকাল পত্রিকার প্রথম পাতায় প্রাকাশিত খবরের শিরোনাম।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের যে সময়সীমা ছিল আজ রোববার তা শেষ হচ্ছে। কিন্তু আজ এই সভা হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সরকারদলীয় জোট ও বিরোধীদলীয় জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

 

এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের আজকের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিকে সামনে আনতে পারে বিরোধী দল। এতে প্রথম দিনের মতো আজও সংসদে উত্তাপ ছড়াতে পারেন নেতারা।

 

গতকাল শনিবার বিএনপি বলছে, পরিষদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত হবে। অন্যদিকে সভা আহ্বানে সরকারকে আলটিমেটাম দিয়ে জামায়াতে ইসলামী বলছে, গণভোটের রায় কার্যকর না করলে তারা রাজপথে যেতে বাধ্য হবে। আর এনসিপির দাবি, সভা আহ্বান না করে প্রধানমন্ত্রী গণভোটের গণরায় অমান্য করেছেন।

 

গত ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হয়। এ হিসাবে আজ ৩০ দিনের সময়সীমা শেষ হচ্ছে। সময় পার হওয়ার পর কী হবে– এ বিষয়ে সাবেক ঐকমত্য কমিশনের সদস্যরাও মন্তব্য করতে রাজি হননি।

 

অবসরের টাকা পেতে পদে পদে হয়রানি- এই শিরোনামের প্রতিবেদনটি কালেরকণ্ঠ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে নিয়মিত বেতন-ভাতা পেলেও অবসরের টাকা পেতে পদে পদে হয়রানির মধ্যে পড়ছেন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এমনিতেই কম, তাঁদের পেনশন সুবিধাও নেই, ফলে শেষ জীবনে অবসরের এককালীন টাকাই তাঁদের ভরসার জায়গা। কিন্তু আবেদনের চার বছর পরও অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা। এমনকি টাকা না পেয়ে অনেক শিক্ষক রোগ-শোকে ভুগে মারাও যাচ্ছেন।

 

দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও আগের সরকার এদিকে ভ্রুক্ষেপই করেনি। সম্প্রতি নতুন সরকার দায়িত্ব নেয়ায় শিক্ষকরা আশা করছেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক থাকায় তাঁদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিশেষ নজর দেবে। এই খাতে প্রয়োজনে আগামী বাজেটেই বিশেষ বরাদ্দ রাখবেন। আর ভবিষ্যতেও যেন সংকট তৈরি না হয়, সে জন্য প্রতিবছর বাজেটেই বরাদ্দ রাখবেন।

 

ঢাকা ওয়াসা: নিয়োগ বদলি পদায়নে ব্যাপক অনিয়ম- এটি যুগান্তর পত্রিকার শেষ পাতায় প্রাকাশিত খবরের শিরোনাম।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়াই আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের সময় ২ হাজার ৫৯৪ জনের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটির চাকরিবিধির তোয়াক্কা না করে ১০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ারও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের সঙ্গে সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আমিরুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

অভিযুক্ত প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী সম্প্রতি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন