ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ ছিল না: মাওলানা জালালুদ্দীন

৪ সপ্তাহ আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে জালালুদ্দিন বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন একটি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না।’

 

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রুটে নদীর তীব্র স্রোত, ঘাটের অবকাঠামোগত দুর্বলতা, ফেরির যান্ত্রিক ত্রুটি এবং পর্যাপ্ত তদারকির অভাবের বিষয়গুলো বারবার সামনে এসেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। যার ফলেই আজকের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’

 

উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘দুর্ঘটনায় পতিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি—যা উদ্ধার কার্যক্রমের ধীরগতি ও সমন্বয়হীনতারই প্রতিফলন। সরকারের পক্ষ থেকে ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে’ বলে যে আশ্বাস দেয়া হয়েছিল, তা বাস্তবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের এই ঘটনা গোটা ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার নগ্ন উদাহরণ।’

 

আরও পড়ুন: পন্টুন থেকে নদীতে বাস: হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

 

নিহতদের প্রত্যেক পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের পূর্ণ চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের জোর দাবি জানান মাওলানা জালালুদ্দীন। তিনি অবিলম্বে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নৌপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান।

 

এদিন বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানিয়েছেন একাধিক যাত্রী। বাস থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার হলেও অন্য যাত্রীদের খোঁজ এখনো মেলেনি।

]]>
সম্পূর্ণ পড়ুন