ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, আজ শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ-পশ্চিমে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক প্রহরী নিহত হয়েছেন। তবে বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা (আইএইএ)। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে আইএইএ জানায়, ইরান তাদেরকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চত্বরের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে অবহিত করেছে।
হামলায় নিরাপত্তা কর্মী প্রক্ষিপ্ত বস্তুর খণ্ডের আঘাতে নিহত হয়েছেন এবং একটি ভবন অভিঘাত তরঙ্গ ও খণ্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইএইএ স্পষ্ট জানিয়েছে, বিকিরণের মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইরানের ছয় পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা
এছাড়া ইরানের খুজেস্তান প্রদেশে অন্তত ছয়টি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাতে, মাহশাহরের বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এদিকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘাত নিয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? ইসরাইল ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বুশেহর কেন্দ্রে চারবার বোমা হামলা চালিয়েছে।’
আরাঘচি সতর্ক করে বলেন যে, এই ধরনের হামলার ফলে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ বা ‘রেডিওঅ্যাকটিভ ফলআউট’ তেহরানের চেয়ে গ্লাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর রাজধানীতে প্রাণের অস্তিত্ব শেষ করে দেবে।
আরও পড়ুন: এখন পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে: ইরান
তিনি দাবি করেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর মাধ্যমে আক্রমণকারীদের আসল উদ্দেশ্যই এখন পরিষ্কার হয়ে গেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই তেজস্ক্রিয়তা বড় ধরনের হুমকি হতে পারে বলে আরাঘচি ইঙ্গিত দিয়েছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·