ইরানের খেলোয়াড়দের জন্য দরজা খোলা, আইআরজিসি নিয়ে কঠোর যুক্তরাষ্ট্র

১ সপ্তাহে আগে
ইরানের বিশ্বকাপ ইস্যুতে অবস্থান পাল্টালো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তবে আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে দলের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। এদিকে, ইরানের পরিবর্তে যে ইতালির বিশ্বকাপে খেলার গুঞ্জন তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছেন রুবিও।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেও দোদুল্যমান ইরানের ভাগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকায় এই সংকট। যা নিয়ে বিভিন্ন সময় নানা রকমের কথা ছড়ালেও এবার নমনীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে নিজেই বলেছিলেন ইরানকে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হবে না। পাল্টা জবাবে ইরান দাবি জানায় তারা ম্যাচ খেলবে মেক্সিকোতে। অবশেষে এই সংকটের সমাধান টানলেন ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।

 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে ইরান বিশ্বকাপে আসতে পারবে না। এটা বিভিন্ন সময় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমরা কোনো নেতিবাচক অবস্থানে নেই। কারণ তাদের খেলোয়াড়দের সঙ্গে আমরা এমনটা করতে পারি না।’

 

আরও পড়ুন: ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেয়ার প্রস্তাব উড়িয়ে দিল ইতালির ক্রীড়ামন্ত্রী

 

তবে ইরানের বিষয়ে নমনীয় অবস্থানে থাকলেও আইআরজিসি নিয়ে স্পষ্ট এবং কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। তাদের ধারণা বিশ্বকাপ পুঁজি করে চতুরতার আশ্রয় নিতে পারে ইরান। আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে টিমের অংশ করে আনতে পারে বিশ্বকাপে। যে বিষয়টি কঠোরভাবে দমন করা হবে বলে জানান ইউএসএ স্টেট সেক্রেটারি।

 

তিনি বলেন, ‘ইরানের ফুটবলার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে দলের সঙ্গে যেসব লোক আসতে চাইবে তাদের প্রতি আমরা কঠোর নজর রাখব। কারণ আমরা এরই মধ্যে জেনেছি টিম সংশ্লিষ্ট অনেকের আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা কোনভাবেই তাদের দেশে ঢুকতে দিতে পারি না। ইরান যদি কাউকে সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে আনার চেষ্টা করে সেটা কখনোই মেনে নেওয়া হবে না।’

 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ গ্রুপপর্ব: জমে উঠবে শুরু থেকেই, চোখ রাখুন এই ম্যাচগুলোতে

 

এদিকে ইরানের বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে জটিল অবস্থার মাঝেই অদ্ভুতুড়ে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার যে আবেদন জানিয়েছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে হাস্যরস। এটা কোনভাবেই সম্ভব না বলে জানিয়েছেন মার্কো রুবিও।

 

তিনি বলেন, ‘কেউ এমন কিছু বলেনি। আমি জানি না এসব কথা কোথায় থেকে আসছে? শুধু ধারণা করা হচ্ছে যে ইরান হয়তো নাও আসতে পারে। আর তখন ইতালি তাদের জায়গা নেবে। কিন্তু ইরান যদি নিজেরাই না আসার সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

 

১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়া ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সেরিয়ে নেওয়ার আবেদন করে। তবে সে আবেদনে সাড়া দেয়নি ফিফা।

]]>
সম্পূর্ণ পড়ুন