আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল সিটি

১৫ ঘন্টা আগে
ইতিহাদ স্টেডিয়ামে দারুণ এক লড়াইয়ে হলান্ডের জয়সূচক গোলে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আর্সেনালের লিড কমে দাঁড়িয়েছে মাত্র তিন পয়েন্টে।

রোববারের (১৯ এপ্রিল) ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। ১৬ মিনিটে রায়ান শেরকি দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে আনন্দটা বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতায় ফেরে আর্সেনাল। তার ক্লিয়ারেন্স কাই হাভার্টজের পায়ে লেগে জালে জড়ায়।


প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ে। উভয় দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়, কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন হলান্ড। ৬৫ মিনিটে বক্সের ভেতর ঘুরে দাঁড়িয়ে শক্ত শটে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান তারকা।


আরও পড়ুন: ৪৫ বছর পর ইউনাইটেডের মাঠে লিডসের ঐতিহাসিক জয় 


শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। গ্যাব্রিয়েল মাগালহায়েসের হেড পোস্টে লাগে, আর ইনজুরি টাইমে হাভার্টজের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ম্যাচের শেষ দিকে উত্তেজনাও ছড়ায়, বিশেষ করে গ্যাব্রিয়েল ও হলান্ডের মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দেয়।


এই হার আর্সেনালের জন্য লিগে টানা দ্বিতীয় পরাজয়, যা তাদের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে সিটি এখন দারুণ অবস্থানে। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গানাররা। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৭। 

]]>
সম্পূর্ণ পড়ুন