শনিবার (৪ এপ্রিল) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল গানাররা। কিন্তু শেষের দিকে ফের গোল খেয়ে পিছিয়ে পড়ে। এবার আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আর্তেতার শিষ্যরা।
সাউদাম্পটনের পক্ষে রস স্টুয়ার্ট ও শেয়া চার্লস গোল করেন। আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।
আরও পড়ুন: ৭ গোলের জয়ে এফএ কাপের সেমিফাইনালে চেলসি
সেন্ট মেরি'স স্টেডিয়ামে আধিপত্য আর্সেনালেরই ছিল। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে সাউদাম্পটন ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেই জয় আদায় করে নিয়েছে। আর্সেনাল বেশি শট নিলেও কার্যত প্রতিপক্ষকে সেভাবে ভাবাতেই পারেনি।
৩৩ মিনিটে গোল করে গানারদের স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট।
আর্সেনালকে হারিয়ে সাউদাম্পটনের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স
দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে নামেন ইয়োকেরেস। ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান এই সুইডিশ স্ট্রাইকার। কাই হাভার্টজের পাস থেকে গোল করেন তিনি।
আরও পড়ুন: কার হাতে ফিরবে ইতালির সোনালি দিন? কোচ হওয়ার দৌড়ে আলোচনায় যারা
কিন্তু সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান।
সাউদাম্পটনের আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্ট ভ্যালেকে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·