অ্যাপল আইওএস ও আইপ্যাডওএসের নতুন ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করেছে। এতে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) বার্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে আইওএস ও আইপ্যাডওএস ২৬.৪ বেটায় পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু রয়েছে। ভবিষ্যতে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস ও ওয়াচওএসের কোনো আপডেটে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হতে পারে।
অ্যাপল জানিয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশন এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে সব যন্ত্র কিংবা সব মোবাইল অপারেটরের ক্ষেত্রে এটি পাওয়া না–ও যেতে পারে। প্রতিষ্ঠানটি বলছে, যেসব কথোপকথনে ‘এনক্রিপটেড’ হিসেবে চিহ্ন থাকবে, সেগুলো সম্পূর্ণভাবে এনক্রিপশনের আওতায় সুরক্ষিত থাকবে। এর ফলে বার্তা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে পাঠানোর সময় মাঝপথে কোনো তৃতীয় পক্ষ সেটি পড়তে পারবে না। তবে আপাতত এই সুবিধা কেবল অ্যাপল ডিভাইসের মধ্যকার আরসিএস কথোপকথনের মধ্যেই সীমিত থাকবে। অ্যান্ড্রয়েডের মতো অন্যান্য মাধ্যমে পাঠানো বার্তায় এই এনক্রিপশন কার্যকর হবে না বলে জানিয়েছে অ্যাপল।
আরসিএস বার্তায় এনক্রিপশন পরীক্ষার উদ্যোগটি এসেছে প্রায় এক বছর পর। গত বছর জিএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ) আনুষ্ঠানিকভাবে আরসিএস প্রটোকলে এন্ড টু এন্ড এনক্রিপশন সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এই সুবিধা বাস্তবায়নের জন্য অ্যাপলকে আরসিএস ইউনিভার্সাল প্রোফাইল ৩.০ সংস্করণে আপডেট করতে হবে। এটি তৈরি হয়েছে মেসেজিং লেয়ার সিকিউরিটি (এমএলএস) প্রটোকলের ভিত্তিতে।
নতুন বেটা সংস্করণে নিরাপত্তা আরও জোরদার করতে অ্যাপল আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করেছে। এতে অ্যাপ্লিকেশনগুলো চাইলে মেমোরি ইন্টেগ্রিটি এনফোর্সমেন্ট (এমআইই) প্রযুক্তির পূর্ণ সুরক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারবে। আগে এই সুবিধা কেবল সফট মোডে সীমিত ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল গত বছরের সেপ্টেম্বরে এমআইই প্রযুক্তি উন্মোচন করেছিল। এটি মূলত উন্নতমানের স্পাইওয়্যার হামলা মোকাবিলার জন্য তৈরি। অ্যাপলের দাবি, এটি সব সময় সক্রিয় মেমোরি সুরক্ষা ব্যবস্থা ও কার্নেলসহ গুরুত্বপূর্ণ অংশ এবং ৭০টির বেশি ব্যবহারকারী প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে পারে। এ ক্ষেত্রে কর্মক্ষমতায় কোনো প্রভাব পড়ে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, আইওএস ২৬.৪ সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রটেকশন’ সুবিধাটি ডিফল্টভাবে সব আইফোন ব্যবহারকারীর জন্য চালু হতে পারে। এই ফিচার সংবেদনশীল কাজের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা যোগ করবে। পরিচিত স্থান যেমন বাড়ি বা কর্মস্থলের বাইরে সংরক্ষিত পাসওয়ার্ড কিংবা ক্রেডিট কার্ডে প্রবেশ করতে হলে ফেস আইডি বা টাচ আইডি যাচাই বাধ্যতামূলক হবে। এ ছাড়া অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে এক ঘণ্টার বিলম্বও যুক্ত করা হয়েছে। ডিভাইস চুরি হলে ব্যবহারকারীরা যেন দ্রুত সেটিকে হারানো হিসেবে চিহ্নিত করার সুযোগ পান, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: দ্য হ্যাকারনিউজ








Bengali (BD) ·
English (US) ·