দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
আইজিসহ পুলিশের শীর্ষ ৬ পদে পরিবর্তন আসছে - দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) শীর্ষ ছয়টি পদে পরিবর্তন আসছে। আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ডিজি, বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান পদেও পরিবর্তন আসতে পারে। এই ছয়টি পদের মধ্যে প্রথম চারটিতে সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাদের চুক্তি বাতিল করা হতে পারে।
অন্যদিকে শেষ দুই দুটি পদে যারা আছেন, তারা নিয়োগ পেয়েছেন একটি রাজনৈতিক দলের সুপারিশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা ছিল অনেকটা বিএনপিবিরোধী। তাদের জায়গায়ও আসতে পারে নতুন মুখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।
রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন - দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, ‘আমরা বেশি সময় নেব না। ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।’ তবে কোন দল কতটি আসন পেতে পারে-এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি সংরক্ষিত আসন পেতে হলে কোনো দলকে সাধারণ নির্বাচনে অন্তত ৬টি সংসদীয় আসনে জয়ী হতে হবে।’
বছরজুড়ে ভোট আয়োজনে প্রস্তুতি শুরু ইসির - দৈনিক সমকালের প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রেশ কাটতে না কাটতেই অনেক নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে চায় তারা। স্থগিত শেরপুর-৩ আসনের নির্বাচন এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন হবে ঈদুল ফিতরের পর।
ঈদের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনও হবে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন দিয়ে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বাকি ৯টি সিটি করপোরেশনসহ জেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদের ভোট আয়োজনের কথা ভাবছে ইসি। এ ছাড়া সরকারের সিদ্ধান্ত পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে পারে ইসি। সব মিলিয়ে চলতি বছরজুড়ে নির্বাচন নিয়েই ব্যস্ত থাকতে হবে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে।
রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সেই চেনা বাজার। চেনা সব দোকানদার। কিন্তু রোজা আসায় সব যেন অচেনা! ইফতার ও সাহরির সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের দামে রীতিমতো আগুন! এই বাড়তি দাম ‘জায়েজ’ করতে অন্তহীন অজুহাত। খুচরা বিক্রেতা পাইকারদের, পাইকাররা আমদানিকারকদের দায়ী করছেন।
কেউ বলছেন, নির্বাচন-পরবর্তী সরবরাহে বিঘ্ন, কেউ আবার পরিবহন খরচ বেড়ে যাওয়াকে অজুহাত দেখাচ্ছেন। কিন্তু পণ্যের অস্বাভাবিক দামের চাপে নাভিশ্বাস উঠেছে ভোক্তার। গতকাল রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে - দৈনিক বণিক বার্তার প্রধান খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল আঠারো মাস। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে নানা ধরনের প্রতিশ্রুতি তুলে ধরলেও কার্যত তার সেসব উদ্যোগ বিদ্যুৎ খাতের আর্থিক লোকসান কমাতে পারেনি। বিশেষ করে বিদ্যুতের ট্যারিফ সংশোধন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও ক্যাপাসিটি চার্জ হ্রাস করা যায়নি। বরং অন্তর্বর্তী সরকারের আমলে বিদ্যুতের একক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক লোকসান বেড়ে গেছে।
]]>
২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·