অবনমন লড়াই এখন ‘জীবন-মৃত্যুর’ মতো: ইগর টুডর

১ দিন আগে
প্রিমিয়ার লিগে টানা বাজে ফলের ধাক্কায় কঠিন পরিস্থিতিতে পড়েছে টটেনহ্যাম হটস্পার। শেষ ১৮ ম্যাচে মাত্র দুই জয়ে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব কমে এসেছে বিপজ্জনকভাবে। রোববার ফুলহ্যামের মাঠে নামার আগে তলানির তিন দলের থেকে স্পার্সদের ব্যবধান মাত্র চার পয়েন্ট। এমন বাস্তবতায় কোচ ইগর টুডর পরিস্থিতিকে ক্রীড়াভাষায় ‘জীবন-মৃত্যুর’ লড়াই বললেও ড্রেসিংরুমে অবনমনের কথা তুলতে চান না তিনি।

৪৭ বছর বয়সী এই ক্রোয়াট কোচ স্পষ্ট জানালেন, ‘আমি কখনো অবনমন শব্দটা ব্যবহার করিনি। এটা ভয়ের কিছু বলে নয়; বরং আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। ভবিষ্যৎ বা পয়েন্ট নিয়ে ভাবার কিছু নেই। অনুশীলন আর ম্যাচ; এ দুটিই আমরা বদলাতে পারি। পয়েন্ট আসবে তার ফল হিসেবে।’

টুডরের মতে, মানসিকতার পরিবর্তন শুরু হয় অনুশীলন মাঠেই। তিনি বলেন, ‘সঠিকভাবে কাজ করলে, পর্যাপ্ত ভালো ট্রেনিং সেশন হলে, সেটার ছাপ রোববার মাঠে দেখা যাবে, ভক্তরাও তা বুঝবেন। কঠোর পরিশ্রম ছাড়া অন্য কোনো পথ নেই।’

 

আরও পড়ুন: দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার


টুডর এর আগে জুভেন্টাস ও লাৎসিওর দায়িত্ব নিয়ে দ্রুত ইতিবাচক প্রভাব ফেলেছিলেন। তবে গত সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের কাছে ৪–১ ব্যবধানে হারের পর তিনি স্বীকার করেন, বর্তমান অবস্থানে থাকা তার ১৬তম স্থানের দলটি প্রতিপক্ষের তুলনায় আলাদা স্তরে।

 

চোট কাটিয়ে পেদ্রো পোরো ও কেভিন দানসোর ফেরা স্পার্সদের জন্য সুখবর। টুডরের পছন্দের তিন ডিফেন্ডার ও উইং-ব্যাকভিত্তিক সিস্টেমে এই দুজন মানানসই হলেও এই মুহূর্তে খেলার ধরন নিয়ে কথা বলতে নারাজ কোচ। তার ভাষায়, ‘খেলোয়াড়রা কী অবস্থায় ফিরছে, অন্যদের পরিস্থিতি কী; সব বুঝে নিতে হবে। শুরুতে অনেক কিছু ভাবা যায়, কিন্তু ম্যাচই দলের প্রকৃত অবস্থা দেখিয়ে দেয়। পেছনে বেশি সমস্যা থাকলে খেলার ধরন নিয়ে ভাবা ঠিক হবে কি না, সেটাও বুঝতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘এখন বুদ্ধিমান হতে হবে। মুহূর্তটা গভীরভাবে বুঝে পয়েন্ট তুলতে হবে। খেলার ধরন পরে আসবে। এই সময়ে ক্রীড়াভাষায় বললে, এটা জীবন-মৃত্যুর প্রশ্ন।’

 

আরও পড়ুন: এমবাপ্পেকে বর্ণবাদী গালি দিয়ে শাস্তির মুখে ওভিয়েদোর সমর্থক

 

ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে ফল ঘুরিয়ে দাঁড়াতে না পারলে অবনমন আতঙ্ক আরও ঘনীভূত হবে হটস্পারের।

]]>
সম্পূর্ণ পড়ুন