৩ মিনিটে ঘোড়ার ৩৮ কসরত

২ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি ঘোড়া তিন মিনিটের কম সময়ে ৩৮টি কসরত দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। ঘোড়াটির নাম গ্রিঙ্গো, বয়স ১৯ বছর।

গ্রিঙ্গোর মালিক লরিন জেপেডা। তিনি নিজেই ঘোড়াটিকে বিভিন্ন কসরত শিখিয়েছেন। যেমন সেটি নাচতে পারে, বলে লাথি দিতে পারে, পতাকা নাড়াতে পারে, বেল বাজাতে পারে, এমনকি নাক দিয়ে চেপে চেপে কি–বোর্ডও বাজাতে পারে।

একদিন গ্যালারিভর্তি দর্শকের সামনে গ্রিঙ্গোর এসব কসরত দেখানোর আয়োজন করা হয়। সেদিন মাত্র ২ মিনিট ৩৭ সেকেন্ডে ঘোড়াটি গুনে গুনে ৩৮টি কসরত দেখিয়েছে।

সেগুলো যাচাইয়ের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গ্রিঙ্গোকে স্বীকৃতি দিয়েছে।

ঘোড়াটির মালিক জেপেডা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন, ‘এই রেকর্ড আমাদের জন্য অনেক বড় স্বীকৃতি। এটি আমাদের কাছে অনেক কিছু। কারণ, ঘোড়ার জগতে আমাদের এই প্রশিক্ষণ পদ্ধতি খুব একটা প্রচলিত নয়।’

জেপেডা আরও বলেন, ক্লিকার পদ্ধতিতে ও প্রাণীদের পুরস্কৃত করে বা ভালো আচরণ করে সাধারণত কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু বেশির ভাগ মানুষ জানেই না, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার বেলায়ও এ পদ্ধতি কতটা কার্যকর।

জেপেডা আশা প্রকাশ করে বলেন, গ্রিঙ্গোকে দেখে অন্যান্য ঘোড়া প্রশিক্ষকও হয়তো প্রাণীদের সঙ্গে নরম আচরণ করে সেগুলোকে কসরত শেখাবেন।

এই নারী বলেন, ‘আমরা যখন প্রদর্শনীতে যাই, আমরা যে বার্তা ভাগাভাগি করতে আগ্রহী, তা হলো বিকল্প ও মানবিক পদ্ধতিও আছে। ঘোড়ার কাজ কেবল বহন করা নয়, প্রাণীগুলোর আরও অর্থবহ কাজও থাকতে পারে।’

জেপেডা বলেন, তাঁর ঘোড়া পেশাদার পারফর্মার। গ্রিঙ্গো ও তিনি নিয়মিত নানা অনুষ্ঠান–আয়োজনে কসরত দেখান।

এই মার্কিন নারী বলেন, গ্রিঙ্গো নিজের কাজে খুবই পেশাদার। সে নিজের কাজ ভালোবাসে।

সম্পূর্ণ পড়ুন