২০০ মিটারে বোল্টের চেয়েও দ্রুততম— রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অ্যাথলেট

৩ দিন আগে
উসাইন বোল্টের ২০০ মিটারের ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড এখনো অক্ষতই আছে। ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন এই জ্যামাইকান। তবে অনূর্ধ্ব–২০ বয়সভিত্তিক বিভাগে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এক অস্ট্রেলিয়ান অ্যাথলেট। দক্ষিণ সুদানি বংশোদ্ভূত এই দৌড়বিদ গাউট গাউট অস্ট্রেলিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার শেষ করেছেন ১৯.৬৭ সেকেন্ডে।

একই বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। ফলে বয়সভিত্তিক পারফরম্যান্সে গাউট গাউট ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন, যদিও বিশ্বরেকর্ডের শীর্ষে এখনও অপরিবর্তিত রয়েছেন বোল্ট।   

 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী, গাউট গাউটের এই ১৯.৬৭ সেকেন্ড সময়টি অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড। একই সঙ্গে অনূর্ধ্ব–২০ বয়সভিত্তিক দৌড়বিদদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম ২০০ মিটার সময়। 

 

আরও পড়ুন: আরব আমিরাতে কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক

 

২০ বছর বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ডটি রয়েছে যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের দখলে। ২০২২ সালে তিনি ১৯.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে এই বিভাগে শীর্ষস্থান দখল করেন। 

 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া গাউট গাউট এর আগে গত বছর ১৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন ২০০ মিটারে। তবে সেটি ছিল বাতাসের সহায়তায় অর্জিত সময়, যা আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে ধরা হয়নি। এবার কোনো ধরনের বাতাস-সহায়তা ছাড়াই বৈধ দৌড়ে তিনি আরও উন্নতি করে নতুন এই সময় গড়েছেন। 

 

দৌড় শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে গাউট বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে— এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’ 

 

আরও পড়ুন: ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

 

গাউট গাউটের এই অসাধারণ পারফরম্যান্সে তার কোচ ডি শেফার্ডও বিস্ময় প্রকাশ করেছেন। এবিসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলাম ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’ 

 

এদিকে একই দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাইডেন মারফিও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনিও ২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করেন এবং ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার ২০০ মিটার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অ্যাথলেট হিসেবে জায়গা করে নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন