২০ বছর পর বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র, ৮ বছর পর সুইডেন

১ সপ্তাহে আগে
উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ৬টি খালি স্থানের চারটিই বরাদ্দ ইউরোপের জন্য। গত রাতে (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্লে-অফ ফাইনালস। এই পর্বে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে ইতালি। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বাদ পড়েছে ইতালি। বসনিয়ার মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্কও। প্লে-অফ রাউন্ড পেরিয়ে বসনিয়া ও তুরস্কের সঙ্গী হয়েছে আরও দুটি দল।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে জয় পেয়েছে সুইডেন ও চেক প্রজাতন্ত্র।


সলোনার ফ্রেন্ডস অ্যারেনায় সুইডেন ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। ফলে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলো ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা।


সুইডেনের পক্ষে অ্যান্থনি এলাঙ্গা, গুস্তাফ লেজারবিয়েল্কে ও ভিক্তর ইয়োকেরেস গোল করেন। পোল্যান্ডের পক্ষে নিকোলা জালেভস্কি ও কারোল সুইদেরস্কি গোল করেন।

 

বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ছবি: রয়টার্স


সুইডেনের কাছে হেরে যাওয়ায় এবারের বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে পোল্যান্ডকে। ফলে গ্রেটেস্ট শো অন আর্থে এবার দেখা যাবে না বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে। ২০২২ কাতার বিশ্বকাপই ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ হয়ে থাকল।

 

২০১৮ সালের পর ফের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন। ছবি: রয়টার্স


আরও পড়ুন: কসোভোকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে তুরস্ক


এদিকে, প্রাগের এপেট অ্যারেনায় ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র।


নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলের সমতায় খেলা শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-১ ব্যবধানে জয় পায় চেক প্রজাতন্ত্র।


ম্যাচে ডেনমার্ক আধিপত্য দেখালেও সুযোগ কাজে লাগাতে পারেনি ডেনিশরা। ৬৬ শতাংশ বল পজেশন রেখে ২১টি শট নিয়েছে ডেনমার্ক, যার ৭টি লক্ষ্যে ছিল। চেক প্রজাতন্ত্র ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে।


ম্যাচের তৃতীয় মিনিটে পাভেল সাল্কের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ৭২ মিনিটে ইওয়াখিম অ্যান্ডারসনের গোলে সমতায় ফেরে ডেনিশরা।


অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে ফের এগিয়ে যায় চেক। লাদিস্ল্যাভ ক্রেজসির গোলে লিড পায় চেকরা। ১১১ মিনিটে গোল শোধ করে দেন ক্যাসপার হগ।

 

আরও পড়ুন: ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল


 

২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র। ছবি: রয়টার্স


টাইব্রেকারে চেক প্রজাতন্ত্রের চারজন শট নেন, যার তিনটিই লক্ষ্যভেদ করে। শুধু ক্রেজসির শটটিই লক্ষ্যভ্রষ্ট হয়।  অন্যদিকে ডেনমার্কের মাথিয়াস ইয়েনসেন, আন্দ্রেস দ্রেয়ার ও রাসমুস হইলুন্দ লক্ষ্যভেদে ব্যর্থ হন। শুধু ক্রিস্টিয়ান এরিকসেনই লক্ষ্যভেদে সফল হন।


দুইবারের রানার্সআপ চেক প্রজাতন্ত্র দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলো। ২০০৬ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল তারা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন