হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার জাহাজে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

১ দিন আগে
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নোঙর করা দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ‘রহস্যজনক’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাহাজটির নাম ‘এইচএমএম নামু’। জাহাজটি সোমবার (৪ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে সংযুক্ত আরব আমিরাতের উম আল কোয়াইন উপকূলের বাইরে নোঙর অবস্থায় থাকাকালে এ ঘটনা ঘটে।

 

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন, যার মধ্যে ৬ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ১৮ জন বিদেশি। ঘটনার পর সবাইকে নিরাপদে পাওয়া গেছে।

 

দক্ষিণ কোরিয়ার সমুদ্র ও মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন রুমের বাম পাশে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। কাছাকাছি থাকা একটি জাহাজ থেকে প্রথমে এ তথ্য জানানো হয়। বর্তমানে জাহাজটি সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

 

আরও পড়ুন: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো পরিকল্পনা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে ধরা হবে: ইরান

 

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো বাহ্যিক আঘাত বা ভাসমান সমুদ্র মাইনের কারণে ঘটতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

 

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। ইরান ও ওমানের মাঝে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাজার ও সামুদ্রিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন