সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আর্সেনালের সাবেক গোলকিপারের

১০ ঘন্টা আগে
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আর্সেনালের সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার । জানা গেছে, একটি ট্রেন তার গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অস্ট্রিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সালজবুর্গের কাছের একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৪৮ বছর বয়সি ম্যানিঙ্গার ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচে গোলবার সামলেছেন। পাশাপাশি অস্ট্রিয়া জাতীয় দলের হয়েও তিনি ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০০৮ ইউরোতেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন। 

 

বিবিসির প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ট্রেনটি ধাক্কা দেওয়ার পর গাড়িটিকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনার সময় ম্যানিঙ্গার গাড়িতে একাই ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল। তিনি বলেন, মাঠে এবং মাঠের বাইরেও অস্ট্রিয়ান ফুটবলের এক অসাধারণ প্রতিনিধি ছিলেন ম্যানিঙ্গার। 

 

আরও পড়ুন: সিলভাকে বিদায়ী সম্মাননা দেবে সিটি— ‘অন্যতম সেরা’ আখ্যা দিয়ে ক্লাবের আবেগঘন পোস্ট

 

১৯৯৫ সালে নিজের শহরের ক্লাব রেড বুল সালজবুর্গের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ম্যানিঙ্গার। এরপর ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাব— জুভেন্টাস, উদিনেস ও আর্সেনালসহ মোট ১৪টি দলে খেলেছেন তিনি। ২০১৬ সালে ৩৯ বছর বয়সে লিভারপুলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তিতে যোগ দিলেও প্রাক–মৌসুমের বাইরে আর কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত ২০১৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই অভিজ্ঞ গোলরক্ষক। 

 

আর্সেনালে নিজের সময়টাতে অ্যালেক্স ম্যানিঙ্গারকে বেশিরভাগ ক্ষেত্রেই ডেভিড সিম্যানের ব্যাকআপ হিসেবেই দেখা যেত। কিন্তু ১৯৯৭-৯৮ মৌসুমের শেষদিকে সিম্যান চোটে পড়লে সুযোগ আসে তার সামনে, আর সেই দায়িত্ব তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সামলে নেন। 

 

আরও পড়ুন: শিষ্যের সমালোচনা করার ঘটনায় ক্ষমা চাইলেন জার্মানির কোচ

 

এফএ কাপের ষষ্ঠ রাউন্ডে ওয়েস্ট হামের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালের মার্চে প্রিমিয়ার লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যানিঙ্গার। 

 

পরবর্তীতে ২০০৮ সালে জুভেন্টাসে যোগ দিয়ে টানা চার বছর ক্লাবটির হয়ে খেলেন তিনি, যেখানে কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন