স্যামসন বীরত্বে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

৫ দিন আগে
সুপার এইটের শেষ ম্যাচটা ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করে ভারতকে ১৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে এক প্রান্ত আগলে রেখে প্রতিপক্ষের বোলারদের একাই কচুকাটা করতে থাকেন সাঞ্জু স্যামসন। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে সেমিফাইনালে তুলে মাঠ ছাড়েন এই ওপেনার। ৫০ বলে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন স্যামসন।

রোববার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। দুই ওপেনার শাই হোপ এবং রোস্টন চেজের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় ক্যারিবিয়ানরা। যদিও হোপ ব্যাট করেছেন অনেকটা ধীরগতিতে। তবে চেজ ছিলেন আক্রমণাত্মক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 

 

জবাব দিতে নেমে অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় ভারত। আগের ম্যাচে ফিফটি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও উইন্ডিজ ম্যাচে আবারও পুরোনো পথে অভিষেক। ১১ বলে ১০ রান করে বাঁহাতি এই ব্যাটার বিদায় নিলে ভাঙে ২৯ রানের ওপেনিং জুটি। 

 

তিনে নামা ঈশান কিষাণও তার ইনিংসও লম্বা করতে পারেননি। ৬ বলে ১০ রান করে জেসন হোল্ডারের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ভারত। 

 

আরও পড়ুন: সত্যিই কি তৃতীয় বিয়ে করছেন শোয়েব মালিক, যা জানালেন তিনি

 

এক প্রান্ত আগলে রেখে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন সাঞ্জু স্যামসন। চার নম্বরে ব্যাট করতে নেমে স্যামসনকে সঙ্গ দিতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে দলীয় ৯৯ রানে শামার জোসেফের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৬ বলে ১৮ রান করা সূর্যকুমার। আর তাতেই ভাঙে তাদের ৩৫ বলে ৫৮ রানের জুটি।   

 

এরপর স্যামসনের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন তিলক ভার্মা। ১৪১ রানের মাথায় ১৫ বলে ২৭ রান করা তিলককে থামান হোল্ডার। হার্দিক পান্ডিয়াও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ১৭ রান করে শিকার হয়েছেন শামার জোসেফের। 

 

এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি স্যামসন ও শিভম দুবে। দুজনে মিলে সারেন জয়ের আনুষ্ঠানিকতা। ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সাঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ৫০ বলে ৯৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার এবং শামার জোসেফ। ১ উইকেট নেন আকিল হোসেইন। 

 

আরও পড়ুন: ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া 

 

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার শাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান। 

 

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অন ফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড। 

 

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজনে মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে রোভম্যান পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে জেসন হোল্ডার অপরাজিত থাকেন। ভারতের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এছাড়া ১ করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী। 

]]>
সম্পূর্ণ পড়ুন