স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, পুলিশের কাছে স্বীকারোক্তি

১২ ঘন্টা আগে
নেত্রকোনার মদন উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, দাম্পত্য কলহ ও মানসিক নির্যাতনের অভিযোগে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ভাদেরা গ্রামে এ ঘটনা ঘটে।


আহত মারুফা আক্তার (২৭) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত আছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরিফুল ইসলাম সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসে রাতে স্ত্রীর সঙ্গে কলহে জড়ান। পরে সকালে ধারালো অস্ত্র দিয়ে মারুফার হাত-পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ ওঠে।


গুরুতর আহত অবস্থায় মারুফা আক্তারকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা গেছে, প্রায় ১০ বছর আগে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আরিফুল ইসলামের সঙ্গে নেত্রকোনার মদনপুর এলাকার মারুফা আক্তারের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। তাদের সংসারে সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।


প্রায় পাঁচ মাস আগে নার্স হিসেবে চাকরি পান মারুফা আক্তার। প্রশিক্ষণ শেষে দুই মাস আগে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। চাকরির কারণে তিনি উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।


আরও পড়ুন: করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে লাঠিপেটা, ভিডিও ভাইরাল


হাসপাতালের কয়েকজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্ত্রী সুন্দর হওয়ায় স্বামীর মনে সবসময় সন্দেহ কাজ করত। এছাড়া স্ত্রীর চাকরি করাও তিনি পছন্দ করতেন না এবং চাকরি ছাড়ার জন্য চাপ দিতেন বলে তারা শুনেছেন।


অন্যদিকে, আরিফুল ইসলাম দাবি করেন, তিনিই কলেজ জীবন থেকে স্ত্রীকে পড়াশোনায় সহায়তা করেছেন এবং খুব ভালোবাসতেন। কিন্তু চাকরি পাওয়ার পর থেকে স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, সংসার টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে ক্ষোভের বশে এ কাজ করেছেন।


মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী আরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘খবর পেয়ে আরিফুল ইসলামকে থানায় এনে হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন