ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) সুপারিশে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় পদ থেকে অব্যাহতি পেলেন শ্রমমন্ত্রী দীপক সাহ।
এই সিদ্ধান্ত আসে দলটির চেয়ারম্যান রবি লামিছানের একটি আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতে, যা দলীয় কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রীর দফতর জানায়, দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহকে অপসারণ করা হয়েছে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, দীপক সাহ তার ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখেন, যদিও পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।
গত বুধবার (৮ এপ্রিল) কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। চেয়ারম্যান লামিছানে তার চিঠিতে বলেন, এই ঘটনা দলের ভাবমূর্তি, নীতি ও সততার ক্ষতি করেছে, তাই দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
আরও পড়ুন: ক্যাম্পাস রাজনীতি ও সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করছে নেপাল!
দলের গঠনতন্ত্র অনুযায়ী, ধারা ২৫(৪)(ক) চেয়ারম্যানকে দলের মূল্যবোধ রক্ষার দায়িত্ব দিয়েছে এবং ধারা ৬৯ অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সরিয়ে নেয়ার সুযোগ রয়েছে।
এই সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী সাহকে পদ থেকে সরিয়ে দেন। একই চিঠিতে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতার বিরুদ্ধেও সতর্কবার্তা দেওয়ার সুপারিশ করা হয়, কারণ তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা দীপা দাহাল।
গত বছরের সেপ্টেম্বরে জেন-জি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা, দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে ছিলেন জনপ্রিয় র্যাপ শিল্পী ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ।
আরও পড়ুন: নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেফতার
সরকার পতনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি বছরের ৫ মার্চ দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পার্লামেন্টের ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয় বালেন্দ্রের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এরপর নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাত্র ৩৫ বছর বয়সি বালেন্দ্র।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·