স্ত্রীকে হত্যার পর বিছানায় আগুন, আইনজীবী স্বামী কারাগারে

১ ঘন্টা আগে
জামালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর বিছানায় আগুন দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর ভাই বাদী হয়ে ওই আইনজীবীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় নিহত তাহমিনা আক্তার তানিয়ার ছোট ভাই আবু সাঈদ তৌকির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে অভিযুক্ত আইনজীবী স্বামী হোসেন তাইফুরকে। এদিন বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

নিহত তাহমিনা আক্তার তানিয়া পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত হোসেন তাইফুর পৌর এলাকার ফুলবাড়িয়া দড়িপাড়া মন্ডলবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই-বোন ছিলেন এবং ১৫ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

 

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর হত্যার মোটিভ ভিন্ন খাতে নেয়ার জন্য তিনি বিছানায় আগুন ধরিয়ে দেন। এতে তাহমিনার একটি হাত পুড়ে যায়। এ সময় তাদের বাসা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা জানালার কাঁচ ভেঙে বিছানার ওপর তাহমিনার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

 

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘরের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ সময় পাশের একটি কক্ষ থেকে স্বামী হোসেন তাইফুরকে গ্রেফতার করা হয়।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তাহমিনা আক্তার তানিয়ার ছোট ভাই আবু সাঈদ তৌকির বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এতে হত্যা এবং এরপর মরদেহ গুম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার একমাত্র আসামি অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন