সোমবারের মধ্যে পারিশ্রমিক পরিশোধ না হলে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

৩ সপ্তাহ আগে
এবারের বিপিএলের বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বড্ড দুশ্চিন্তায় বিসিবি। বারবার চিঠি দেয়া হলেও ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কেবল দিচ্ছে আশ্বাস। দীর্ঘ সময় প্রতিশ্রুতির দেয়া ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ক্যাপিটালস ম্যানেজমেন্টের। ফলে এবার কঠোর পদক্ষেপের দিকেই হাঁটছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পাওনা পরিশোধ না হলে ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি।

আগামী সোমবারের (৩০ মার্চ) মধ্যে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এই কথা জানান।


তিনি বলেন, 'প্লেয়াররা কিন্তু আমাদের আগে জানায়নি তারা মাত্র ২৫ শতাংশের (পারিশ্রমিকের) পেয়েছে। ওইদিন থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। ফাইনালের পর জানতে পারলাম ওদের (ঢাকা) প্রায় ৭৫ শতাংশ (বকেয়া)। সবার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়েছে। ঢাকাকে আমরা বারংবার চিঠি দিয়েছি, চিঠি দেয়ার পর সবশেষ তারা ঈদের আগে সব ক্লিয়ার করে দেয়ার কথা জানায়। এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি। ৩ কোটিরও বেশি, খেলোয়াড়দের ভাষ্য অনুযায়ী।'


মিঠু আরও বলেন, '৬০ দিন হয়ে গেছে (টুর্নামেন্ট শেষ হওয়ার), ধৈর্যের একটা লিমিট আছে। আমরা একচুয়ালি এই সপ্তাহেই একটা অ্যাকশনে যাব।'

 

আরও পড়ুন: ঢাকা বাদে বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক শোধ


এছাড়া ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হয়ে যাওয়া নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে, মিঠু জানান, আগামী ১৫'মে পর্যন্ত মেয়াদ আছে। অর্থাৎ, এখনো সময় বাকি প্রায় দেড় মাস।


মিঠু বলেন, 'ব্যাংক গ্যারান্টির একটা ডেট থাকে। একটা ব্যাংক গ্যারান্টির ডেডলাইন ১৫ মে, তার মানে আমাদের প্রায় আরও দেড়মাস আছে। আর আরেকটা বোধয় আরও ছয়মাস আছে। তাই ওটা নিয়ে দুশ্চিন্তায় নেই। আমরা লভ্যাংশ দেব যখন সব ক্লোজ হবে, সেটার সঙ্গে তো আপনি যখন টিম নিয়েছেন ওটার সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নেই।' ওটা আপনি পাবেন আপনার পাওয়ার সময় অনুযায়ী।'


ঢাকা বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ইফতেখার মিঠু জানান, সিলেটের বিদেশি ক্রিকেটারদের কিছু পাওনা ছাড়া অন্য দলগুলোর প্রায় সব খেলোয়াড়ই তাদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন