সিলেটে জ্বালানি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন

২ সপ্তাহ আগে
সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার, মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ২৫ মার্চ সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ তেলের ডিপো পদ্মা ও মেঘনায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট জেলায় ২টি এবং পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলায় ৩টিসহ সারা দেশের মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।


সিলেটের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, প্রতিটি ডিপো এলাকায় একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা নিয়মিত টহল ও তদারকি করছেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সদস্যরা প্রস্তুত রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে ১৯ বিজিবি ও ৪৮ বিজিবির ২ প্লাটুন মোতায়েন রয়েছে গত ২৫ মার্চ থেকে। এছাড়া প্রতিটি ডিপোতে তিনজন করে পুলিশ সদস্য ও আনসার মোতায়েন রয়েছে।


এদিকে ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতেও কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিপি) এলাকায় আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।


আরও পড়ুন: শ্রীমঙ্গলে অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ এলপিজি ও জ্বালানি তেল জব্দ


এদিকে, সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব প্রতিরোধ এবং পেট্রোল পাম্পগুলোতে তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনও নানামুখী পদক্ষেপ নিয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।


এছাড়া অবৈধ মজুতদারি বা কারসাজির তথ্য দিলে সংশ্লিষ্টদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে যাতে কোনো মহল সুযোগ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্যই সরকার আগাম সতর্কতামূলক এই পদক্ষেপ নিয়েছে।


আরও পড়ুন: শ্রীমঙ্গলের ৩ পেট্রোল পাম্প ডিপোতে বিজিবি মোতায়েন

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিজিবি ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় সিলেটে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন