সাতক্ষীরায় পোস্টাল ব্যালট গ্রহণ শুরু: প্রথম দিনে বৈধ ১৯, বাতিল ৩

২ সপ্তাহ আগে
সাতক্ষীরার চারটি আসনে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট স্বচ্ছ ব্যালট বক্সে ফেলার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

 

প্রথম দিনে পোস্ট অফিসের মাধ্যমে সংগৃহীত ২২টি পোস্টাল ব্যালট পাওয়া যায়। এর মধ্যে অনলাইনে যাচাই-বাছাই শেষে ১৯টি বৈধ এবং ৩টি বাতিল করা হয়।

 

জানা গেছে, সাতক্ষীরার চারটি আসনে মোট ১৮ হাজার ৭৪৯ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। সোমবার সকালে বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে পোস্ট অফিস থেকে আনা ব্যালটের প্যাকেট খোলা হয়। এরপর সেগুলো অনলাইনে যাচাই শেষে স্ব স্ব আসনের ব্যালট বক্সে ফেলা হয়।

 

আরও পড়ুন: সাতক্ষীরা নাগরিক ঐক্যের সভাপতিসহ ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

 

সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন, ‘সাতক্ষীরার চারটি আসনে ১৮ হাজার ৭৪৯ জন ভোটার অনলাইনে নিবন্ধন করেছেন। আজ প্রথম দিনে ২২টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে। যার মধ্যে ১৯টি বৈধ হিসেবে স্ব স্ব আসনের ব্যালট বক্সে ফেলা হলো। নির্ধারিত দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সামনে এগুলো গণনা করা হবে।’

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিনে সাতক্ষীরা-১ আসনে কোনো পোস্টাল ব্যালট পাওয়া যায়নি। সাতক্ষীরা-২ আসনে প্রাপ্ত ১৭টির মধ্যে ১৪টি বৈধ ও ৩টি বাতিল করা হয়। এছাড়া সাতক্ষীরা-৩ আসনে ৩টি এবং সাতক্ষীরা-৪ আসনে ২টি বৈধ পোস্টাল ব্যালট স্বচ্ছ ব্যালট বক্সে ফেলা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন